স্কুটারে চেপে ব্যাগ ছিনতাই। মহিলাকে রাস্তায় ফেলে টেনে হিঁচড়ে নিয়ে গেল ছিনতাইবাজেরা। প্রায় ৫০ মিটার পর্যন্ত ওই ভাবে রাস্তায় পড়ে ঘষটাতে ঘষটাতে এগিয়ে গেলেন তিনি। রোমহর্ষক এই ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভিতে। সংবাদ প্রতিবেদন অনুসারে, গত ৫ অক্টোবর অসমের গুয়াহাটির কাহিলিপাড়া এলাকায় এই ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। সেই ফুটেজ সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সিসিটিভিতে ধরা পড়েছে, এক মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। কাঁধে ব্যাগ। হঠাৎ করে একটি স্কুটারে চেপে তাঁর কাছে আসে দু’জন আরোহী। মহিলার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। হ্যাঁচকা টানে ব্যাগটি কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। একই সঙ্গে স্কুটারটি চলতে শুরু করে। কিন্তু, ছিনতাইকারীদের হাতে মহিলা তাঁর ব্যাগটি ছেড়ে দিতে নারাজ। তিনি সেটি আঁকড়ে ধরে রাখেন। স্কুটারটি ধাবমান হতেই তিনি রাস্তায় পড়ে যান। ওই অবস্থাতেই মহিলাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় অভিযুক্তেরা। চিৎকার করতে থাকেন মহিলা। এর পর মহিলাকে গুরুতর জখম এবং রক্তাক্ত অবস্থায় রাস্তার উপরে ফেলে রেখেই পালায় দুই দুষ্কৃতী। ঘটনাটি যখন ঘটে, তখন রাস্তাঘাট তুলনামূলক ফাঁকা ছিল। ফলে দুর্বৃত্তদের আটকাতে কেউ এগিয়ে আসতে পারেনি।
ভিডিয়োটি সাংবাদিক সিরাজ নুরানি তাঁর এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার পর সেটি বহু বার দেখা হয়েছে। ভিডিয়োটি দেখার পর স্থানীয় বাসিন্দারা রাস্তার অপরাধের বাড়বাড়ন্ত ও নারীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে, প্রকাশ্য স্থানে ছিনতাইকারীদের হাতে মহিলারা কী ভাবে হামলা ও ছিনতাইয়ের শিকার হচ্ছেন, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বহু নেটাগরিকই। তবে, ঘটনাটি নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে কি না এবং অভিযুক্তদের শনাক্ত করা সম্ভব হয়েছে কি না, তা এখনও জানা যায়নি।