সমাজমাধ্যমে রিল-ভিডিয়ো তৈরি করে জনপ্রিয় হওয়ার নেশায় অনেকে প্রাণের মায়াও ত্যাগ করেন। লাইক, কমেন্ট পাওয়ার আশায় ঝুঁকিপূর্ণ কাজ করতেও পিছপা হন না কেউ কেউ। সম্প্রতি এমনই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। এক তরুণী নদীর তীরে দাঁড়িয়ে রিল তৈরিতে ব্যস্ত ছিলেন। ভিডিয়ো রেকর্ড করার সময় তিনি আশপাশের বিপদের বিষয়টি কার্যত উপেক্ষা করেন। মুহূর্তের মধ্যে ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা, যা ক্যামেরায় ধরা পড়ে। পরে সেই দৃশ্যই ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। ভাইরাল হয় ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে একটি নদীর ঘাটে ফোন হাতে ভিডিয়ো করতে এসেছেন এক তরুণী। ঘাটের পিছল সিঁড়ি লক্ষ করেননি তিনি। শেষ ধাপে পৌঁছোনোর সঙ্গে সঙ্গে পা পিছলে আছাড় খেয়ে পড়ে যান। ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ার ফলে তাঁর মোবাইল ফোনটিও ভেঙে যায়। ভিডিয়োয় দেখা গিয়েছে ফোনের স্ক্রিনটি চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছে। কপালজোরে নদীর ঘাটের শেষ ধাপে দাঁড়িয়েও তরুণী পিছলে নদীতে গিয়ে পড়েননি। সেটি ঘটলে তাঁর প্রাণ সংশয় হতে পারত বলে মনে করছেন নেটাগরিকেরা। মারাত্মক ভাবে আহতও হতে পারতেন তিনি। ভিডিয়োটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে রিল ভিডিয়ো বানানোর আগে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন অনেকেই।
আরও পড়ুন:
ভিডিয়োটি ‘কুন্দনপটেল’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। এই ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের প্রতিক্রিয়া ছিল মিশ্র। এক এক্স ব্যবহারকারী লিখেছেন যে ভিডিয়োটি তৈরি হয়েছে ঠিকই, কিন্তু ফোনটির দফারফা হয়েছে।’’ আরও কয়েক জন নেটমাধ্যম ব্যবহারকারী মজা করে লিখেছেন যে, দিন-কাল এতটাই খারাপ হয়ে গিয়েছে যে মানুষ পড়ে যাওয়ার পর সবার আগে ফোনের দিকে তাকায়। নিজেরা আঘাত পেয়েছে তা খেয়ালও করে না। তৃতীয় নেটাগরিক লিখেছেন, ‘‘বেচারির এত কষ্ট করার দরকার ছিল না। ভিডিয়োটি এমনিতেই ভাইরাল হয়ে গিয়েছে।’’