Advertisement
E-Paper

প্রাক্তন মন্ত্রীকে ধাক্কা মেরে মাটিতে ফেলল মহিলা পুলিশ! পুরভোটে নাটক দক্ষিণের রাজ্যে, ভিডিয়ো ভাইরাল

প্রাক্তন মন্ত্রী এবং ওয়াইএসআরসিপি নেত্রী বিদাদলা রজনীকে শুক্রবার তাঁর বাসভবনের বাইরে এক মহিলা পুলিশকর্মী ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। এই ঘটনায় শাসকদল টিডিপি-র তীব্র সমালোচনা করেছে ওয়াইএসআরসিপি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৬ ১৮:১১
Andhra Polls Brawl

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

পুরভোটের মনোনয়ন প্রক্রিয়া চলাকালীন হিংসার অভিযোগ। তার মধ্যেই ওয়াইএসআরসিপি-র দাবি, অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মন্ত্রী বিদাদলা রজনীকে গৃহবন্দি অবস্থায় চিলকালুরিপেটে তাঁর বাসভবনের বাইরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছেন এক মহিলা পুলিশকর্মী। বিরোধীদের অভিযোগ, তাঁদের এমপিটিসি এবং জ়েডপিটিসি প্রার্থীদের মধ্যে বি-ফর্ম বিতরণ করার সময় রজনী গৃহবন্দি ছিলেন। অভিযোগ, পুলিশ যাদলাপাড়ু জ়েডপিটিসি প্রার্থী ও দলিত নেতা পান্ডুলা বুল্লাব্বাইকে রজনীর বাসভবনে প্রবেশ করতে বাধা দেয়। ওয়াইএসআরসিপি দাবি করেছে, রজনী পুলিশের এই আচরণ নিয়ে প্রশ্ন তুললে চিলকালুরিপেট গ্রামীণ থানার এসআই প্রিয়ঙ্কা তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। দুই মহিলার হাতাহাতির ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টে ওয়াইএসআরসিপি লিখেছে, “চিলকালুরিপেট কেন্দ্রে এমপিটিসি এবং জ়েডপিটিসি প্রার্থীদের বি-ফর্ম দেওয়ার সময় আমাদের দলের ইন-চার্জ বিদাদলা রজনী গৃহবন্দি ছিলেন। যখন যাদলাপাড়ু জ়েডপিটিসি প্রার্থী এবং দলিত নেতা পান্ডুলা বুল্লাব্বাই তাঁর সঙ্গে দেখা করতে আসেন, পুলিশ তাঁকে গেটে আটকে দেয়। রজনী প্রশ্ন তোলেন, কেন আমাদের দলের প্রার্থীদের তাঁর নিজের বাসভবনে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। রজনী কী অপরাধ করেছেন? আমাদের প্রার্থীদের সঙ্গে দেখা করা? বি-ফর্ম দেওয়া? নিজের বাড়িতে পুলিশের বিধিনিষেধ নিয়ে প্রশ্ন তোলা? আমরা অভিযোগ করেছি, পুলিশ টিডিপি নেতাদের নির্দেশে কাজ করছে এবং ওয়াইএসআরসিপি প্রার্থীদের গণতান্ত্রিক অধিকার রক্ষার পরিবর্তে তাঁদের কাজে বাধা দিচ্ছে। ঘটনার একটি স্বাধীন তদন্ত প্রয়োজন।”

ওয়াইএসআরসিপি আরও দাবি করেছে, রাজ্য নির্বাচন কমিশন যেন অবিলম্বে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে, তাদের প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে এবং মনোনয়ন প্রক্রিয়ায় বেআইনি হস্তক্ষেপ বন্ধ করে। তারা বলেছে, “চন্দ্রবাবু নায়ডুকে তাঁর সরকারের অধীনে পুলিশের আচরণ এবং স্থানীয় নির্বাচন চলাকালীন বাধা দেওয়া নিয়ে একের পর এক অভিযোগের বিষয়ে জবাবদিহি করতে হবে।”

রাজ্যের ডিজিপি জানিয়েছেন, বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের ১৩টি জেলায় পুরভোটের মনোনয়ন পর্বে হিংসা এবং মনোনয়নপত্র নষ্ট করার অন্তত ৩১টি ঘটনা ঘটেছে। ডিজিপি হরিশকুমার গুপ্ত জানান, ২২টি ঘটনায় হিংসা, সংঘর্ষ এবং শৃঙ্খলা বিঘ্নিত হয়েছে এবং ৯টি ঘটনায় মনোনয়নপত্র ছিনতাই বা ছিঁড়ে ফেলা হয়েছে। তিনি আরও জানান, ছ’টি ঘটনায় পাথর ছোড়া হয়েছে বা পাথর ও লাঠি দিয়ে হামলা চালানো হয়েছে এবং চারটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

Poll Violence Viral News YSRCP Ex minister Andhra Pradesh

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy