বাসে ছিলেন প্রায় ৪০ যাত্রী। সেই সময়েই হৃদ্রোগে আক্রান্ত হলেন কর্তব্যরত চালক। লুটিয়ে পড়লেন নিজের আসনেই। তবে মৃত্যুর আগেও দায়িত্ব ভুললেন না। নিরাপদে বাস থামিয়ে বাঁচালেন ৪০ যাত্রীর প্রাণ। ঘটনাটি অন্ধ্রপ্রদেশের।
জানা গিয়েছে, মৃত বাসচালকের নাম জেট্টি শিবা (৩৪)। অন্ধ্রপ্রদেশ স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (এপিএসআরটিসি)-এর কর্মী ছিলেন তিনি। বৃহস্পতিবার প্রায় ৪০ জন যাত্রীকে নিয়ে বাস চালানোর সময়েই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। তবে শারীরিক জরুরি অবস্থার মধ্যেও ৩৪ বছর বয়সি শিবা কাকিনাড়া-বিশাখাপত্তনম রুটে টুনির কাছে বাসটিকে রাস্তার পাশে নিরাপদে সরিয়ে নিয়ে যান এবং একটি সম্ভাব্য বড় দুর্ঘটনা এড়াতে সক্ষম হন। বাসটি থামানোর পর পরই স্টিয়ারিং হুইলের উপর লুটিয়ে পড়েন তিনি। দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। জীবনের শেষ মুহূর্তেও তাঁর উপস্থিত বুদ্ধি এবং যাত্রীদের নিরাপত্তার প্রতি দায়বদ্ধতা সর্বমহলে প্রশংসিত হয়েছে।
আরও পড়ুন:
এপিএসআরটিসি চেয়ারম্যান কোনাকাল্লা নারায়ণ রাও শুক্রবার শিবার মৃত্যুতে শোক প্রকাশ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এক বিবৃতিতে রাও জানিয়েছেন, হঠাৎ শারীরিক অসুস্থতার মুখেও শিবা অসাধারণ সাহস ও দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, শিবা বাসটি রাস্তার পাশে নিরাপদে থামানোর সিদ্ধান্তের কারণেই একটি বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। শিবার এই কাজকে তাঁর কর্তব্য ও সেবার প্রতি নিষ্ঠার প্রতিফলন হিসেবে অভিহিত করেছেন রাও।
আরও পড়ুন:
শিবার পরিবারের পাশে দাঁড়ানোরও আশ্বাস দিয়েছে এপিএসআরটিসি। শিবার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে রাও আশ্বাস দেন, এই কঠিন সময়ে এপিএসআরটিসি তাদের পাশে থাকবে। প্রযোজ্য নিয়ম অনুযায়ী সহায়তা ও সহযোগিতা করা হবে শিবার পরিবারকে।