হাতে কামড়েছিল বিষাক্ত গোখরো। সেই সাপকেই জ্যান্ত অবস্থায় কৌটোবন্দি করে হাসপাতালে পৌঁছোলেন যুবক। ফলে হাসপাতালে ছড়াল বিশৃঙ্খলা। ঘটনাটি ঘটেছে বিহারের পশ্চিম চম্পারণ জেলার সদর হাসপাতালে। যুবক সাপটিকে নিয়ে হাসপাতালে প্রবেশের সঙ্গে সঙ্গেই অন্য রোগীর আত্মীয়স্বজন এবং হাসপাতালের কর্মীরা চমকে ওঠেন। এর মধ্যেই ওই যুবক কৌটোর মুখ খুলে জ্যান্ত সাপ বার করেন।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গোখরোর ছোবল খাওয়া ওই যুবকের নাম নির্ভয় কুমার। একটি গোখরোকে উদ্ধারের চেষ্টা করছিলেন তিনি। ঠিক তখনই সাপটি তাঁকে কামড়ে দেয়। আতঙ্কিত হয়ে পালিয়ে না গিয়ে বিষধর সাপটিকে ধরে একটি ছোট পাত্রে আটকে ফেলেন নির্ভয়। চিকিৎসার জন্য সরাসরি হাসপাতালে চলে যান।
চিকিৎসকেরা যখন নির্ভয়ের চিকিৎসা শুরু করেন, তখন তিনি পাত্রটি খুলে তাঁদের সেই গোখরোটি দেখান। জীবন্ত সাপটিকে দেখে পুরো ওয়ার্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগী, তাঁদের আত্মীয়স্বজন, এমনকি হাসপাতালের কর্মীরাও দ্রুত ওই জায়গা থেকে সরে যান। আবার অনেকে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে সাপটিকে দেখার জন্য ভিড় করেন। এর পর সাপটিকে সরিয়ে অবিলম্বে নির্ভয়ের চিকিৎসা শুরু করেন চিকিৎসকেরা।
আরও পড়ুন:
জানা গিয়েছে, প্রাথমিক চিকিৎসা এবং শারীরিক অবস্থা পর্যালোচনার পর বর্তমানে স্থিতিশীল আছেন নির্ভয়। তবে সতর্কতাস্বরূপ তাঁকে ১২ ঘণ্টা হাসপাতালেই চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পরামর্শ দেওয়া হয়েছিল।
নির্ভয়ের ঘটনা ইতিমধ্যেই সমাজমাধ্যমে হইচই ফেলেছে। সাপের কামড় খাওয়ার পরেও সেটিকে ধরে ফেলার ক্ষেত্রে ওই যুবকের উপস্থিত বুদ্ধি এবং সাহসের প্রশংসা করেছেন অনেকে। অনেকে আবার বিনা প্রশিক্ষণে সাপ উদ্ধারে যাওয়ার জন্য তাঁকে মূর্খ বলেও মন্তব্য করেছেন।