ক্যাবে উঠে অন্তরঙ্গ হচ্ছিলেন যুগল। ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছিলেন। দেখেই রেগে গেলেন তরুণ চালক। যুগলকে ভর্ৎসনা করে দিলেন হোটেল ভাড়া করার পরামর্শ। চাঞ্চল্যকর তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়। দায়িত্বশীল সংবাদমাধ্যম হিসাবে ভিডিয়োটি এই প্রতিবেদনের সঙ্গে প্রকাশ না করারও সিদ্ধান্ত নিয়েছে আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ক্যাব ভাড়া করে চড়েছেন তরুণ যুগল। ভাড়া করা ক্যাবের ভেতরেই রোম্যান্সে মেতে ওঠেন তাঁরা। একে অপরের কোলে শুয়ে পড়েন অন্তরঙ্গ ভাবে। ঘনিষ্ঠ হওয়ার চেষ্টাও করেন। সেই দৃশ্য দেখে মেজাজ হারিয়ে ফেলেন ক্যাবের চালক। গাড়ি থামিয়ে দেন। যুগলকে ভর্ৎসনা করতেও শুরু করেন। তরুণ ক্যাবচালক বলেন, ‘‘এ সব করার জন্য একটা হোটেল ভাড়া করছ না কেন? আমাকে কি বোকা পেয়েছ? এটা ক্যাব না হোটেল? এত ক্ষণ ধরে দেখছি, তোমাদের কি একটুও লজ্জা নেই?’’ চালকের কথা শুনে একে অপরের থেকে সরে বসেন যুগল। কিন্তু লজ্জিত না হয়ে চালকের কথায় হাসতে থাকেন তাঁরা, যা চালককে আরও ক্ষিপ্ত করে তোলে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ট্যুরউইথবিশাল’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার বিরক্তিও প্রকাশ করেছেন অনেকে। মজার মজার মন্তব্যও করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ব্যঙ্গ করে লিখেছেন, ‘‘ছেড়ে দিন ভাই। ওদের হয়তো হোটেল যাওয়ার টাকা ছিল না। তাই ট্যাক্সি নিয়েছে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘দু’জন প্রেমিক-প্রেমিকাকে আলাদা করা পাপ ক্যাবচালক দাদা।’’