প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ার সময় প্রথাগত ভাবে এক হাঁটু গেড়ে বসার পদ্ধতিটি অনুসরণ করেননি ব্রিটেনের তরুণ। তবে তিনি যা করেছেন, তা দেখে চমকে উঠেছে নেটপাড়া। লিংকনশায়ারের একটি অ্যাকোয়ারিয়ামে নীচে হাঙরদের সাক্ষী রেখে ওয়েটস্যুট এবং স্কুবা গিয়ার পরে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন তিনি। সেই ঘটনার একাধিক ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ছবিগুলি। যদিও সেই সব ছবির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বাকিংহামশায়ারের বাসিন্দা ওই তরুণের নাম জেমস ওয়ালশ। প্রেমিকা পেজ কুকের জন্য জলের নীচে বিয়ের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি। হাঙর খুব পছন্দ করেন পেজ। তাই তিনি এমন একটি জায়গা খুঁজছিলেন যেখানে জলের তলায় চারপাশে হাঙর ঘুরে বেড়াবে। কিন্তু তাঁদের আক্রমণ করবে না। শেষ পর্যন্ত তিনি স্কেগনেস অ্যাকোয়ারিয়ামকে বেছে নেন। সেখানেই জলের তলায় প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন জেমস।
আরও পড়ুন:
জেমসের কথায়, ‘‘হাঙর পেজের প্রিয় প্রাণী। আমি জানতাম যে ওখানেই আমি এটা করতে চাই। আমি ভেবেছিলাম, ওর প্রিয় প্রাণীদের মাঝে বিয়ের প্রস্তাব দেওয়াটা একটা অনন্য অভিজ্ঞতা হবে।’’ জেমস জানিয়েছেন, ১০ সেপ্টেম্বর পেজকে বিয়ের প্রস্তাব দেওয়ার আগেই জেমস অ্যাকোয়ারিয়াম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাঁর পরিকল্পনার কথা জানান। অ্যাকোয়ারিয়ামের কর্মীরা তাঁর ইচ্ছাপূরণে সাহায্য করেন। বিশেষ একটি প্ল্যাকার্ডের ব্যবস্থা করা হয়। জলের নীচে যাওয়ার পর ওয়েটস্যুট ও স্কুবা গিয়ার পরা অবস্থায় জেমস এবং পেজ একে অপরের সামনে হাঁটু মুড়ে বসেন এবং জেমস ওই প্ল্যাকার্ড তুলে ধরেন যাতে লেখা ছিল, ‘‘তুমি কি আমাকে বিয়ে করবে?’’ হতবাক হয়ে যান পেজ। তিনি প্রথমে হাত দিয়ে নিজের স্কুবা মাস্ক ঢেকে ফেলেন এবং শেষ পর্যন্ত হাতের ইশারায় সম্মতি জানান। এর পর যুগল জলের নীচেই একে অপরকে জড়িয়ে ধরেন। সেই ছবিই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল পোস্টটি শেয়ার করা হয়েছে স্কেগনেস অ্যাকোয়ারিয়ামেরই ফেসবুকে পেজ থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই পোস্ট। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। যুগলকে অভিনন্দন জানিয়েছেন নেটাগরিকেরা।