দ্রুত গতির রোবট বানাল চিনা সংস্থা ‘ইউনিট্রি রোবোটিক্স’। একটি নতুন যন্ত্রমানব বানিয়ে তারা দাবি করেছে, অধিকাংশ মানুষের চেয়েও অনেক উন্নত শারীরিক নৈপুণ্য প্রদর্শনে সক্ষম সেটি। সংবাদসংস্থা গ্লোবাল টাইমস জানিয়েছে, এই চিনা সংস্থার তৈরি যন্ত্রটি মাটিতে দাঁড়িয়ে ২ মিটার উল্লম্ব লাফ দিতে পারে। প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ১২.৬৬ মিটার গতিও রয়েছে তার। হিসাব কষলে যন্ত্রমানবের গতিবেগ দাঁড়ায় প্রায় ৪৫.৬ কিলোমিটার প্রতি ঘণ্টা, যা ২০০৯ সালে ১০০ মিটার বিশ্বরেকর্ড গড়া দৌড়ে উসেইন বোল্টের সর্বোচ্চ গতির (প্রতি সেকেন্ডে প্রায় ১২.৪২ মিটার) চেয়েও বেশি। রোবটটির স্থির অবস্থা থেকে লাফ দেওয়ার ক্ষমতাও মানুষের প্রায় ১.৮ মিটারের রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। যন্ত্রমানবের কর্মদক্ষতা প্রদর্শনের একটি ভিডিয়ো সম্প্রতি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। তবে এক্সে (সাবেক টুইটার) সংস্থার নিজস্ব হ্যান্ডল ‘ইউনিট্রি রোবোটিক্স’-এ শেয়ার করা ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আকর্ষণের বিষয়টি হল রোবটটির পা তুলনামূলক ভাবে ছোট। তার দৈর্ঘ্য মাত্র ০.৮৫ মিটার। সংস্থাটি জানিয়েছে, ‘সুপারম্যান’ নামে পরিচিত এই ‘হিউম্যানয়েড রোবট’টি তিন মাসের কিছু বেশি সময়ে তৈরি করা হয়েছে এবং এর উন্নতির এখনও অনেক সুযোগ রয়েছে। সংস্থার প্রকাশ করা ভিডিয়োয় দেখা গিয়েছে, রোবটটি বাতাসে লাফিয়ে প্রায় ২ মিটার উচ্চতায় পৌঁছে তার পর স্থির ভাবে নিজের পায়ে অবতরণ করছে। দ্রুতগামী হিউম্যানয়েড রোবট তৈরির জন্য ইউনিট্রি ইতিমধ্যেই শিরোনামে। এপ্রিলে, তাদের ‘এইচ১ হিউম্যানয়েড রোবট’টি প্রতি সেকেন্ডে ১০ মিটার গতিতে দৌড়োনোর ক্ষমতায় পৌঁছেছিল বলে জানা গিয়েছে, যা সংস্থার আগের যন্ত্রগুলির জন্য একটি নতুন মানদণ্ড তৈরি করেছে।
আরও পড়ুন:
খবরে প্রকাশ, চিনা সংস্থাটি এখন শুধু হিউম্যানয়েড রোবটকে আরও দ্রুত করার দিকেই মনোযোগ দিচ্ছে না। বরং তাদের ক্ষিপ্রতা, ভারসাম্য এবং বিস্ফোরক গতিবিধি উন্নত করার দিকেও নজর দিচ্ছে। তবে, এই দক্ষতা সংস্থার নিজস্ব প্রদর্শনীর উপর ভিত্তি করে তৈরি এবং এগুলি স্বাধীন ভাবে অন্যত্র যাচাই করা হয়নি। একটি নিয়ন্ত্রিত পরীক্ষার পরিস্থিতির বাইরে রোবটটি এই ধরনের গতি বা লাফ বজায় রাখতে পারবে কি না, সেই তথ্যও অজানা। বাণিজ্যিক রোবোটিক্স জগতে প্রবেশের পর তারা তাদের এই নতুন ‘সুপারম্যান’ রোবটের ঘোষণা করেছে। চিনের হ্যাং ঝৌ প্রদেশের এই সংস্থার দাবি, তারা এমন সব যন্ত্রমানব তৈরি করছে, যা হার্ডঅয়্যার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নতির সঙ্গে সঙ্গে আরও দ্রুত, আরও সক্ষম এবং সম্ভবত আরও সস্তা হবে।