মালিকের সঙ্গে হাইকে গিয়েছিল ল্যাব্রাডর প্রজাতির একটি কুকুর। কিন্তু মাঝপথেই অসুস্থ হয়ে পড়ে সে। কারণ, পাহাড়ি পথে হাঁটার সময় ‘ভুল করে’ ঘাস ভেবে গাঁজা খেয়ে নেয় কুকুরটি। ফলস্বরূপ ঝিমুনি ধরে সারমেয়টির। টলে টলে পড়ে যায় সে। এক পর্যায়ে তার পা দু’টি কাজ করা প্রায় বন্ধই করে দেয়। ভয় পেয়ে যান সারমেয়র মালিক। উদ্ধারকারীর দল এসে স্ট্রেচারে করে কুকুরটিকে পাহাড় থেকে মানায়। বর্তমানে সে ভাল আছে।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, কুকুরটির নাম টোকিও। কুকুরটি তার মালিক ক্রিস্টিনা ব্লুমের সঙ্গে স্কটল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ বেন নেভিসে হাইকিংয়ে গিয়েছিল। ক্রিস্টিনা পেশায় কুকুর প্রশিক্ষক। পাথুরে পথে নিজের পোষ্যকে অসুস্থ হয়ে পড়তে দেখে ভয় পেয়ে যান তিনি। তৎক্ষণাৎ পশু উদ্ধারকারী দলকে খবর দেন। তারা সেখানে পৌঁছে স্ট্রেচারে করে সারমেয়টিকে সমতলে নামিয়ে আনেন। কিছু পরেই কুকুরটি সুস্থ হয়ে ওঠে।
আরও পড়ুন:
পশুরোগ চিকিৎসকেরা মনে করছেন, পাহাড়ি পথে চলার সময় কুকুরটি হয়তো গাঁজা খেয়ে ফেলে। সেই কারণেই টোকিওর শরীর খারাপ হয়। টোকিওর চিকিৎসা করে এর বাইরে সারমেয়র অসুবিধার কোনও কারণ খুঁজে পাননি চিকিৎসকেরা। টোকিওর রক্তপরীক্ষার রিপোর্টও স্নায়ু শিথিল করে দেওয়া কোনও জিনিস সেবনের নির্দেশই দিচ্ছে। এ ছাড়া টোকিওর গা থেকে গাঁজার গন্ধ বেরোচ্ছিল বলেও জানিয়েছেন চিকিৎসকেরা।
আরও পড়ুন:
প্রিয় পোষ্যের এ-হেন অবস্থা দেখে ঘাবড়ে গিয়েছিলেন ব্লুম। ভেবেছিলেন আদরের টোকিওকে বোধহয় তিনি হারাতে বসেছেন। কিন্তু উদ্ধারকারী দলের তৎপরতায় তাঁর সেই আশঙ্কা বাস্তবে পরিণত হয় না। সেই কারণে উদ্ধারকারী দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ব্লুম। সকল পোষ্য পিতা-মাতাকে পোষ্যের সঠিক যত্ন নেওয়ার আর্জিও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন:
আরও পড়ুন:
টোকিওকে উদ্ধার করতে যাওয়া উদ্ধারকারীদের দল ‘লোচাবের মাউন্টেন রেসকিউ টিম’ তাদের নিজস্ব অ্যাকাউন্ট থেকে ফেসবুকে টোকিওকে নিয়ে পোস্ট করেছে। সেই পোস্টটি ভাইরালও হয়েছে। তার পর থেকে সমাজমাধ্যমে কুকুরের গাঁজা খেয়ে ফেলার বিষয়টি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। একদল নেটাগরিক টোকিওর স্বাস্থ্য ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে অনেকেই তার গাঁজা খেয়ে ফেলা নিয়ে মজা করেছেন।