কয়েক দিন ধরেই একটানা বৃষ্টিতে ভিজছে উত্তর ভারত। নাগাড়ে বৃষ্টির জেরে জলমগ্ন বিভিন্ন এলাকার একাধিক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। রাস্তাঘাট ধসে, আবার কোথাও খানাখন্দের জেরে দু’-একটি দুর্ঘটনার খবরও পাওয়া গিয়েছে। তারই মধ্যে কানপুরের জলমগ্ন রাস্তার একটি ভিডিয়ো সম্প্রতি সাড়া ফেলে দিয়েছে নেটমাধ্যমে। কিন্তু, কেন? ঠিক কী রয়েছে সেই ভিডিয়োয়?
কানপুরের জাজমৌ এলাকার ব্যস্ত রাস্তা ‘পিঙ্ক রোড’। বাহারি নাম হলেও বৃষ্টির জমা জলে তার চেহারা আর বাহারি নেই মোটে। তার মধ্যে রাস্তার বিস্তীর্ণ অংশে জমে রয়েছে জল। টানা ভারী বৃষ্টির জেরে সেই রাস্তারই একটি অংশ ধসে গিয়ে তার মাঝে প্রায় ১৮ ফুট গভীর এক বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। আর সেই গর্তের মধ্যে ঝরঝরিয়ে পড়ছে জল। সমাজমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। দেখা গিয়েছে, রাস্তা থেকে বৃষ্টির জল তীব্র বেগে সরাসরি সেই বিশাল গর্তে গিয়ে পড়ছে। এর ফলে রাস্তার মাঝখানে অনেকটা জলপ্রপাতের মতো নাটকীয় দৃশ্যের সৃষ্টি হয়েছে।
‘পিকটিভি’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডলে শেয়ার করা হয়েছে ওই ভিডিয়োটি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ভারী বর্ষণের ফলে কানপুরের ‘পিঙ্ক রোড’-এর একটি অংশ ধসে গিয়ে ১৮ ফুট গভীর ওই বিশাল গর্তে জলের স্রোত গড়িয়ে পড়ার দৃশ্য দেখতে ভিড় করেছিলেন স্থানীয় মানুষ। রাস্তার মাঝে এই বিপজ্জনক ধসের ঘটনায় সরকারি প্রকল্পে ঠিকাদারদের যোগসাজশ এবং দুর্নীতি নিয়ে প্রশ্ন উঠছে।
আরও পড়ুন:
বলে রাখা ভাল, এই ঘটনার কয়েক দিন আগেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কানপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্মকর্তাদের একটি ভিডিয়ো কনফারেন্স হয়েছিল। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী পুরসভার ঠিকাদারদের কাজ দেওয়ার প্রক্রিয়ায় গুরুতর অনিয়ম এবং দুর্নীতির বিষয়টি তুলে ধরেছিলেন বলে জানা যায়।