Advertisement
E-Paper

‘ছুটি চাই’, কুণ্ঠাহীন আবেদন তরুণীর! ‘১০ বছর আগে এমন কারণ বলাও কঠিন ছিল’, কুর্নিশ জানালেন বস্

সম্প্রতি সমাজমাধ্যমে এমন একটি ঘটনা ছড়িয়ে পড়েছে, যা কর্মক্ষেত্রের ‘নিয়ম’গুলি নিয়ে নতুন করে ভাবনার অবকাশ তৈরি করেছে। বিশেষ এক কারণে ছুটির আবেদন করেন এক তরুণী। সে আবেদন পেয়ে তাঁর ঊর্ধ্বতন জানান, ১০ বছর আগে এমন কোনও আবেদন কেউ কখনও করে থাকলেও, তা ছিল বিরল ঘটনা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৬ ১১:৩১
Entrepreneur praises GenZ employee who asked for menstrual leave went viral online

ছবি: এআই সহায়তায় তৈরি।

বেসরকারি সংস্থা মানেই বিপুল কাজের চাপ। অসুস্থতাতেও মেলে না ছুটি। ঘাড় গুঁজে কাজ করে যাওয়াই যেন সেখানকার অলিখিত নিয়ম। তবে, সে সব ‘নিয়ম’ ভেঙে এগিয়ে চলেছে তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা। কর্মজীবনের চক্করে ব্যক্তিগত জীবনকে ক্ষতিগ্রস্ত করায় নারাজ তাঁরা। সম্প্রতি তেমনই একটি ঘটনা ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হওয়া একটি পোস্ট থেকে জানতে পারা গিয়েছে, ঋতুকালীন সমস্যার কথা জানিয়ে ছুটির আবেদন করেছেন এক তরুণী।

সংবাদ প্রতিবেদন অনুসারে, ঘটনাটি সম্পর্কে যিনি সমাজমাধ্যমে পোস্ট করেন, তিনি এক জন উদ্যোক্তা। ওই তরুণীর ঊর্ধ্বতন তিনি, এমনটাই জানা গিয়েছে। ওই ব্যক্তি লিখেছেন তরুণ প্রজন্ম যে এ ভাবে সরাসরি কথা বলেন, সেটি তিনি খুবই পছন্দ করেন। কর্মক্ষেত্রে অপ্রয়োজনীয় অস্বস্তির যে দেওয়াল গড়ে ওঠে, তা ভাঙার জন্য তরুণীর প্রশংসা করেছেন ওই উদ্যোক্তা। ১০ বছর আগে এমন কোনও আবেদন কেউ কখনও করে থাকলেও, তা বিরল বলেই মত রেখেছেন তিনি।

ইমেলটির একটি স্ক্রিনশটও মূল পোস্টের সঙ্গে জুড়ে দিয়েছেন পোস্টদাতা। সেখানে দেখা গিয়েছে ঋতুকালীন ছুটি চেয়ে একটি আবেদন করা হয়েছে। লেখা হয়েছে, ঋতুকালীন মারাত্মক যন্ত্রণা, খিঁচুনি এবং অস্বস্তির কারণে অফিসে যেতে পারবেন না বলে জানিয়েছেন এক কর্মী। তবে কোনও জরুরি কাজ চলে এলে, সে ক্ষেত্রে ফোন বা ইমেলের মাধ্যমে যোগাযোগ করা যেতে পারে তাঁর সঙ্গে।

‘জসবীর১০’ নামের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে ঘটনাটি পোস্ট করা হয়েছে। যদিও ঘটনাটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

পোস্টটি দেড় লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। প্রায় ৭০০ ভালবাসার চিহ্ন আঁকা হয়েছে তাতে। তরুণীকে সাধুবাদ জানিয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। সেই সঙ্গে ওই উদ্যোক্তার প্রশংসাও চলেছে নেটপাড়া জুড়ে।

Menstrual Leave Workers CEO

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy