পাহাড়ি রাস্তার ধারে থাকা একটি কাঠের দোতলা বাড়ি হঠাৎই ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় প্রাণ গিয়েছে এক বৃদ্ধা এবং এক তরুণীর। গুরুতর আহত হয়েছে দু’টি শিশু। ঘটনাটি হিমাচল প্রদেশের। সেই ভয়াবহ ঘটনারই একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেটি।
আরও পড়ুন:
সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োটিতে ধরা পড়েছে চোখ জুড়িয়ে দেওয়া একটি পাহাড়ি অঞ্চল। রাস্তার ধার ঘেঁষে রয়েছে কাঠের বাড়ি। পাহাড়ি রাস্তায় রয়েছে গাড়িও। আচমকাই একেবারে ধসে পড়ে বাড়িটি। ধুলোয় ঢেকে যায় চারিপাশ। ভিডিয়োটি এখানেই শেষ হয়ে গিয়েছে।
সংবাদ প্রতিবেদন অনুসারে, রাজগড় এলাকার ছিছড়িয়া গ্রামের ঘটনা এটি। দোতলা বাড়িটি ধসে পড়ায় ধ্বংসস্তূপের নীচে চার জন আটকা পড়েন। উদ্ধারকারী দল তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনায় গৃহকর্তা ভীম সিংহের স্ত্রী নির্মলা (৬০) এবং তাঁদের কন্যা পূজার (৩২) মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সিরমৌর জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ডিডিএমএ)।
আরও পড়ুন:
খবর, এই ঘটনায় দুটি শিশুও গুরুতর আহত হয়েছে। তারা হল পূজার দুই বছরের কন্যা হীরা এবং ভীম সিংহের ছেলে অরুণের কন্যা অভিয়ানা। তারও বয়স দু’বছর। আহত দুই শিশুকে রাজগঢ়ের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। গত বুধবার দুপুরে ঘটনাটি ঘটে। হঠাৎ কী ভাবে বাড়িটি ভেঙে পড়ল, সে বিষয়ে কিছুই জানা যায়নি। বিস্তারিত তদন্ত চলছে বলে জানা গিয়েছে। গ্রাম রাজস্ব কর্মকর্তা জানিয়েছেন, জেলা প্রশাসন পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
হিমাচল প্রদেশ জুড়ে চলা ভারী বর্ষার ফলে বিপর্যস্ত জনজীবন। প্রাকৃতিক দুর্যোগের কারণে বাড়িটি নড়বড়ে হয়ে যাওয়ার ফলে এই অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে, এমন আশঙ্কাও করা হচ্ছে।
‘মিডডেইন্ডিয়া’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে ভিডিয়োটি ভাগ করে নেওয়া হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়োটি হাজার হাজার বার দেখা হয়েছে। ঘটনাটি দেখে শিউরে উঠেছেন নেটাগরিকেরা। ওই শিশু দু’টি এখন কেমন আছে, সে বিষয়েও জানতে চেয়েছেন অনেকেই।