ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে আন্দোলনে শামিল হয়েছেন ছাত্র-যুব সম্প্রদায়। গত ২৫ জুলাই থেকে এই আন্দোলন চলছে। আন্দোলনকারীদের প্রতিহত করার জন্য কাঁদানে গ্যাস এবং জলকামান ব্যবহার করে পুলিশ। লাঠিচার্জও করা হয়। পুলিশের এই পদক্ষেপকে ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন স্তরে সমালোচনা শুরু হয়েছে।
আরও পড়ুন:
লাঠির আঘাতে অনেক আন্দোলনকারী আহত হন বলে জানা গিয়েছে। ছাত্রদের অভিযোগ, শান্তিপূর্ণ ভাবে মিছিল করলেও তাঁদের উপর পুলিশ বলপ্রয়োগ করেছে। এই পরিস্থিতিতে কর্তব্যরত এক পুলিশকর্তার অদ্ভুত মন্তব্যে ক্ষোভে ফেটে পড়েছে আমজনতা। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ঘটনার ভিডিয়ো। সেখানে দেখা গিয়েছে, ওই পুলিশকর্মী বলছেন, তিনি কাউকে স্পর্শও করেননি।
আরও পড়ুন:
এর পর আন্দোলনকারীদের সঙ্গে বাগ্বিতণ্ডা হতে থাকে তাঁর। তিনি আইন অমান্য করছেন এবং সংবিধানের মর্যাদা রাখছেন না, এই অভিযোগ তুলতে শোনা যায় এক ছাত্রকে। সে সব কথা একেবারে পাশ কাটিয়ে, তিনি সমস্যার যাবতীয় দায় চাপিয়ে দেন আন্দোলনকারীদের উপরেই। বলেন, “আপনারাই তো এই সরকারকে ভোট দিয়েছেন। আমরা তো নির্বাচন করিনি।” এখানেই ভিডিয়োটি শেষ হয়ে যায়। ঘটনাটি রাঁচীর।
‘কলযুগ_হু’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ঘটনাটির ভিডিয়ো ভাগ করে নেওয়া হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ২১ লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। শেয়ারও করা হয়েছে। তা দেখে ক্ষোভপ্রকাশ করেছেন বহু নেটাগরিক।
আরও পড়ুন:
এক জন লিখেছেন, “গণতন্ত্রে সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার জনগণের রয়েছে। তাঁদের উপর লাঠিচার্জ করাকে কোনও ভাবেই সমর্থন করা যায় না।” কেউ আবার ওই পুলিশকর্তার সপক্ষে কথা বলেছেন। তাঁদের দাবি, তিনি কেবল নির্দেশ পালন করছেন।