Advertisement
E-Paper

নর্দমা খুঁড়তে গিয়ে ফাটল গ্যাসলাইন, পিএনজি লিক করে মৃত অন্তত পাঁচ, অসুস্থ বহু! ভিডিয়ো দেখে ছড়াল আতঙ্ক

রাস্তা খুঁড়তে গিয়ে আচমকা ফেটে গেল ভূগর্ভস্থ গ্যাস পাইপলাইন। প্রায় সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। আগুনের শিখা উপরে উঠতে থাকে। পুরো এলাকা জুড়ে ধোঁয়ার বিশাল কুণ্ডলী ছড়িয়ে পড়ে। ঘটনাটি বিহারের মুজ়ফ্‌ফরপুরের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৬ ১৪:৪৮

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

নর্দমা তৈরির জন্য রাস্তা খোঁড়া হচ্ছিল। হঠাৎ, একটি ভূগর্ভস্থ গ্যাস পাইপলাইন ফেটে যায়। সঙ্গে সঙ্গে সেটি থেকে পিএনজি লিক হতে শুরু করে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুসারে, এই ঘটনায় তিন বছরের একটি শিশু-সহ পাঁচ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। অসুস্থ হয়ে পড়েছেন অন্তত ১২ জন। আশঙ্কা করা হচ্ছে, মৃত এবং অসুস্থের সংখ্যা আরও বাড়তে পারে।

ঘটনাটি বিহারের মুজ়ফ্‌ফরপুরের। জানা গিয়েছে, পাইপলাইনটিতে প্রায় সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। আগুনের শিখা উপরে উঠতে থাকে। পুরো এলাকা জুড়ে ধোঁয়ার বিশাল কুণ্ডলী ছড়িয়ে পড়ে। ঘটনার জেরে গোটা এলাকা জুড়ে আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়। নিরাপত্তার স্বার্থে পুরো এলাকাটি খালি করার কাজ শুরু হয়েছে। গোবরসহী এলাকায় একটি নর্দমা কাটার সময় একটি পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। এর ফলেই বাতাসে ছড়িয়ে পড়ে পিএনজি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ এবং দমকল বাহিনী। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। উদ্ধারকার্য এখনও চলছে।

জানা গিয়েছে, বিস্ফোরণটি এতটাই বিধ্বংসী ছিল যে আশপাশের কি‌ছু দোকানপাটও ক্ষতিগ্রস্ত হয়। যে জেসিবি-টি দিয়ে নালা কাটা হচ্ছিল। সেটির চালকও ঘটনাস্থলেই মারা যান বলে খবর। ঘটনার প্রেক্ষিতে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। সংবাদ প্রতিবেদন অনুসারে, প্রধান সড়ক এবং গোবরসহী থেকে সাকরি-সরাইয়া পর্যন্ত পথ অবরোধ চলছে।

ঘটনাটির ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ‘মিস্টার_ছোট্টু_মেহতা_০১’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে ঘটনাটির ভিডিয়ো ভাগ করে নেওয়া হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

হাজার হাজার বার দেখা হয়েছে ভিডিয়োটি এবং সেটি দেখে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরাও। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তাঁরা। পাশাপাশি, নিহতদের পরিবারকে সমবেদনাও জানিয়েছেন।

Muzaffarpur Viral Video

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy