একবার দেখলে মনে হয় যেন কালো ‘ধোঁয়া’। গাছের পাতার উপর দিয়ে সর্পিল ভঙ্গিতে এঁকেবেঁকে উঠছে কালো ধোঁয়ার মতো কিছু। প্রথমটায় ধোঁয়া বলেই ভুল করেছিলেন হায়দরাবাদের বাসিন্দা মণিকা জুয়াল। ভিডিয়ো রেকর্ড করতে গিয়ে ভুল ভাঙে তাঁর। সন্ধে হওয়ার ঠিক আগে আকাশে গাছের পাতার উপর দিয়ে কালো একরাশ ‘ধোঁয়া’ উড়ে যাওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন তিনি।
ইনস্টাগ্রামে নিজের হ্যান্ডলে ভিডিয়োটি শেয়ার করেছেন ওই মহিলা। মণিকা জানান, প্রথমে ভেবেছিলেন হয়তো গাছগুলির পিছন দিকে বা নীচে আগুন জ্বলছে। যার ফলে ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উপরে উঠছে। পরে তিনি বুঝতে পারেন, সেটি ধোঁয়া নয়, অন্য কিছু। ওই কালো ‘ধোঁয়া’র কুণ্ডলী আসলে মশার ঝাঁক বলে জানিয়েছেন মণিকা। তিনি বলেন, “জীবনে প্রথম বার এমন কিছু দেখলাম।”
ভিডিয়োয় মণিকা বলেন, “হায়দরাবাদে মশার আতঙ্ক। গাছের উপর ‘নাগিন ড্যান্স’ করছে মশারা।” এই অস্বাভাবিক দৃশ্যটি সাড়া ফেলে দিয়েছে সমাজমাধ্যমে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
বেশ কয়েক জন সমাজমাধ্যম ব্যবহারকারী মশার ঝাঁকটির বিশাল আকার এবং গতিবিধি দেখে উদ্বেগ প্রকাশ করেছেন। এক জন নেটাগরিক লিখেছেন, “মশার প্রাকৃতিক শিকারি ফড়িং নির্মূল করার কারণেই এই সব কিছু ঘটেছে।” আরও একজন মন্তব্য করেন, “হে ঈশ্বর! কী ভয়ঙ্কর।” অপর এক জন রসিকতা করে বলেন, “হাইটেক সিটি নয়, এটা মশার শহর।” তবে বেশির ভাগই আতঙ্ক প্রকাশ করেছেন। সাবধানে থাকার পরামর্শও দিয়েছেন মহিলাকে। কেউ আবার মন্তব্য করেন, “ভয় লাগছে ভাই।”