নির্মীয়মাণ তিন তলা বাড়ি ধসে পড়ে মৃত্যু ঘটেছে ৬ শ্রমিকের। আহত হয়েছেন জনা দশেক কর্মী। দুর্ঘটনা ঘটার পর আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। চার জনকে তখনই মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। চিকিৎসা চলাকালীন আরও দু’জন মারা যান। ঘটনাটি অম্বলার।
আরও পড়ুন:
সংবাদ প্রতিবেদন অনুসারে, ধুলকোট নামক একটি গ্রামে ওই বাড়িটি তৈরির কাজ চলছিল। বাড়িটির ছাদ ঢালাইয়ের কাজে ব্যস্ত ছিলেন শ্রমিকেরা। আহত শ্রমিকদের মধ্যে এক জনের বয়ান থেকে জানা গিয়েছে, প্রায় ১০ জন শ্রমিক নীচ তলায় কাজ করছিলেন এবং ১৫ জন উপরের তলায় ঢালাইয়ের কাজে নিযুক্ত ছিলেন। রবিবার দুপুর ২টো নাগাদ দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন:
ঘটনার জেরে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ এবং জরুরি পরিষেবাগুলিতে খবর দেওয়ার আগেই উদ্ধার অভিযানের কাজে উদ্যোগী হন স্থানীয়েরা। খবর পাওয়ামাত্র দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় থানার পুলিশ এবং ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা। অবিলম্বে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়ে যায়। ঠিক কী কারণে বাড়িটি আচমকা ধসে পড়ে তা জানা যায়নি।
পুলিশ সূত্রে খবর, আহত শ্রমিকদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতেরা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। আরও শ্রমিক ধ্বংসস্তূপের নীচে আটকা পড়ে রয়েছেন বলে আশঙ্কা। উদ্ধার অভিযান শেষ হলে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হবে বলে জানিয়েছে পুলিশ। মহকুমা শাসকের তরফে জানা গিয়েছে, নিহতদের-সহ ১২ জনকে শনাক্ত করা হয়েছে।
আরও পড়ুন:
এই দুর্ঘটনা পরবর্তী অবস্থার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ‘দ্য_স্ক্রিন_ট্রুথ’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভাগ করে নেওয়া হয়েছে ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
তা দেখে শিউরে উঠেছেন নেটাগরিকেরা। কয়েক লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন সকলে। পাশাপাশি, নিহতদের পরিবারকে সমবেদনাও জানিয়েছেন তাঁরা।