অতি বৃষ্টির ফলে সীমাহীন দুর্দশার কবলে অসম। জলের তলায় সে রাজ্যের কিছু অংশ। এই পরিস্থিতিতে সাধ্যমতো একে অপরের পাশে দাঁড়াচ্ছেন সকলে। এরই মাঝে একটি মন ভাল করা ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। বৃষ্টিতেই রাস্তায় ছিলেন এক ট্রাফিক পুলিশ। তাঁকে সাহায্য করতে এগিয়ে গেলেন এক তরুণ।
আরও পড়ুন:
ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা গিয়েছে, বৃষ্টি মাথায় নিয়েই রাস্তায় রয়েছেন এক ট্রাফিক পুলিশ। মাথায় ছাতা নেই তাঁর। পরনে নেই বর্ষাতিও। প্রাকৃতিক এই প্রতিকূলতার মাঝেও কাজে ফাঁকি নেই তাঁর। একমনে যানজট সামলাচ্ছেন তিনি।
আরও পড়ুন:
সেই সময় মোটরবাইক চালিয়ে আসেন এক জন। ওই পুলিশকর্মীর হাতে তুলে দেন একটি বর্ষাতি। বর্ষাতিটিতে ‘পুলিশ’ কথাটিও লেখা ছিল। ভিডিয়োয় ওই তরুণ জানিয়েছেন, পুলিশদের জন্যই বিশেষ ভাবে তৈরি করানো হয়েছে এই বর্ষাতিগুলি। কর্তব্যরত অবস্থায় সাধারণ মানুষ যাতে তাঁকে বেসামরিক ব্যক্তি বলে ভুল না করেন, এই কারণেই এমন কাজ করেছেন বলে জানান তরুণ।
আরও পড়ুন:
ভিডিয়োর শেষে দেখা যায় আবার নিজের কাজে ফিরে গিয়েছেন ওই ট্রাফিক পুলিশ। ঘটনাটি গুয়াহাটির।
‘লেকি_গোস্বামী০১’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে ভিডিয়োটি ভাগ করে নেওয়া হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ২৬ লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। প্রায় ২ লক্ষেরও বেশি ভালবাসার চিহ্ন আঁকা হয়েছে তাতে। এই কাজের জন্য ওই তরুণকে সাধুবাদ জানিয়েছেন বহু নেটাগরিক। এক জন লিখেছেন, “ঈশ্বর আপনার মঙ্গল করুন।” আর এক জন লিখেছেন, “হৃদয়স্পর্শী ঘটনা।”