পৃথিবীর নানা প্রান্তে গিয়ে বর্ণবৈষম্যের শিকার হতে হয় ভারতীয়দের। এ এক খুব বড় সমস্যা। সারা দুনিয়া জুড়ে এর বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয়েছেন বহু মানুষ। তবে এ সমস্যার সমাধান হয়নি। সম্প্রতি তেমনই একটি ঘটনার কথা ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। একটি ভিডিয়োয় উদিত সূর্যের দেশের এক অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন এক ভারতীয় তরুণ।
আরও পড়ুন:
ভাইরাল হওয়া ভিডিয়োটিতে তরুণ জানিয়েছেন, জাপানে কাটানো শেষ দিনে এক অত্যন্ত খারাপ অভিজ্ঞতা হয় তাঁর। একটি দোকানে গিয়ে খাবার গরম করে দেওয়ার জন্য অনুরোধ করেন তিনি। সামান্য এই অনুরোধেই হেনস্থা করা হয় তাঁকে বলে দাবি তরুণের। দোকানের তরুণী কর্মী চিৎকার-চেঁচামেচি শুরু করেন, বর্ণবিদ্বেষমূলক কথাও বলতে থাকেন বলে ভিডিয়োয় জানিয়েছেন তরুণ। এর পর পুলিশও ডাকেন বলে জানিয়েছেন ওই তরুণ।
আরও পড়ুন:
এক পুলিশকর্মী আসার পর পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায় বলে জানান তরুণ। উল্টে ওই তরুণীকেই তিরস্কার করেন তিনি। ভারতীয় তরুণের কাছে ক্ষমাও চান। ঘটনাটি জাপানের শিজ়ুকা শহরের। ঘটনাটি জাপানে ঘটলেও ওই দোকানি নেপালের বাসিন্দা ছিলেন বলে জানিয়েছেন তরুণ। তরুণ ভারতবাসী শুনেই তাঁরা এমন আচরণ করেন বলে অভিযোগ তরুণের।
‘অনরোডইন্ডিয়ান’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে ঘটনাটির ভিডিয়ো পোস্ট করা হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ১০ লক্ষ বার দেখা হয়েছে সেটি। ঘটনাটি দেখে ক্ষোভে ফেটে পড়েছেন নেটাগরিকেরাও। দোকানের ওই কর্মীর নিন্দায় মুখর হয়েছেন সকলেই। তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপেরও দাবি তুলেছেন কেউ কেউ।