জামশেদপুর শহরে একটি দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দিয়ে চুরমার হয়ে গেল একটি চারচাকা। ভয়াবহ সেই দুর্ঘটনায় মারা গেলেন চার জন। তার মধ্যে রয়েছেন ঝাড়খণ্ডের মন্ত্রী দীপিকা পাণ্ডে সিংহের মেয়ে তৃষা। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাটি ভোরবেলা সোনারি থানা এলাকার মেরিন ড্রাইভ রোডে ঘটে। ট্রাকে ধাক্কা মারার পর গাড়িটির সামনের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছে। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
আরও পড়ুন:
সংবা সংস্থা পিটিআই তাদের এক্স হ্যান্ডলে একটি ভিডিয়ো পোস্ট করেছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলের দৃশ্য থেকে দেখা যায়, ট্রাকটি চার লেনের সড়কের ডান পাশে ডিভাইডারের কাছে পার্ক করা ছিল। এর পেছনে একটি ছোট গাছের ডাল গোঁজা ছিল। সেই দৃশ্য দেখে বোঝা যায় ট্রাকটি বিকল হয়ে রাস্তাতেই আটকে পড়ে। সেটিকে সরানো যায়নি। ট্রাকটির পেছনে চারচাকা গাড়িটিকে সম্পূর্ণ দোমড়ানো-মোচড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছে।
সোনারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় সুমন পিটিআইকে জানিয়েছেন, গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী দীপিকার মেয়ে তৃষা-সহ মোট চার জন নিহত হয়েছেন। বাকিরা হলেন, সার্থক অগ্রবাল, নমন গুপ্ত এবং বংশিকা খান্ডেলবাল। তাঁরা ঘটনাস্থলেই মারা গিয়েছেন বলে পুলিশ জানিয়েছে। ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গোয়ার এবং মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এই মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী হেমন্ত সমাজমাধ্যমে পোস্ট করে লিখেছেন, ‘‘জামশেদপুরের জাতীয় সড়কে দুর্ঘটনায় সহকর্মী মন্ত্রী ও আমার সহোদরাসম দীপিকা পাণ্ডে সিংহের কন্যা এবং অন্যান্য ব্যক্তির মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। এই সংবাদ আমার হৃদয়কে গভীর ভাবে ব্যথিত করেছে।’’