বলা হয়, দু’জন মানুষ যখন সত্যিই একে অপরকে ভালবাসে, তখন সব বাধা তুচ্ছ হয়ে যায়। সম্প্রতি তেমনই একটি ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। বন্যার মধ্যেই বিয়ে করলেন এক যুগল। ঘটনাটি ফিলিপিন্সের।
ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা গিয়েছে, প্রায় কোমর পর্যন্ত জল ঠেলে এগোচ্ছেন কনে। তাঁর পরনে সাদা গাউন। হাতে রয়েছে একগোছা ফুল। আশপাশে চিত্রগ্রাহকেরাও রয়েছেন। কেউ কেউ আবার মোবাইল ক্যামেরা চালু রেখেছেন। একটি গির্জার ভিতরে হচ্ছে বিয়ের অনুষ্ঠানটি।
আরও পড়ুন:
সংবাদ প্রতিবেদন অনুসারে, বরের নাম গিলবার্ট চিকো। কনে লিয়ান লিয়েজ়া গালাং। বুলাকান প্রদেশের হাগোনয় শহরে ভারী দক্ষিণ-পশ্চিম মৌসুমী বৃষ্টির কারণে ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে। বহু এলাকা জলমগ্ন। শহরের বিস্তীর্ণ অংশে বিদ্যুৎবিভ্রাটও দেখা দিয়েছে। রাস্তাঘাট, বাড়িঘর, দোকানপাট প্লাবিত। সেন্ট জন গির্জায় বিয়ে করবেন, এমনটাই স্থির করেছিলেন ওই যুগল। রেহাই পায়নি সেটিও।
আরও পড়ুন:
এই পরিস্থিতিতে তাঁদের আত্মীয়-বন্ধুরা বিয়ের তারিখ পিছোনোর কথা বলেন। কিন্তু গিলবার্ট এবং লিয়াং অনড় ছিলেন। প্রকৃতির রোষের কাছে হার মানেননি তাঁরা। প্রতিকূল অবস্থা তুচ্ছ করেই আংটিবদল সেরেছেন দম্পতি। গির্জার মূল পথটি সম্পূর্ণ ডুবে গিয়েছিল। সেই জল পার করেই গির্জায় প্রবেশ করেন বর-কনে। বাদ যাননি অতিথিরাও। জলের মধ্যে দাঁড়িয়েই এই অনন্য বিয়ের সাক্ষী ছিলেন তাঁরা।
‘টিআরটিওয়ার্ল্ড’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে ঘটনাটির ভিডিয়ো পোস্ট করা হয়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
লক্ষ লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। অজস্র ভালবাসার চিহ্ন জমা হয়েছে তাতে। বহু নেটাগরিক মন্তব্যও করেছেন। ওই দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন সকলেই। তবে কেউ কেউ উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন যে কোনও বিপদও হতে পারত। এক জন লিখেছেন, “ভালবাসার জন্য সাত সমুদ্রও পার করা যায়। সে কথাই প্রমাণ করেছেন দম্পতি।”