বুধবার দুবাই থেকে তেল আভিভের উদ্দেশে উড়ান শুরু করেছিল ফ্লাইদুবাইয়ের এফজ়েড ১০৭৩ বিমান। স্থানীয় সময় সকাল ৬টা ৪৯ মিনিটে শুরু হয় বিমানটির যাত্রা। বিমান যখন ৩৪ হাজার ফুট উচ্চতায়, তখন ককপিটে বিমানচালক স্মিত মচ্ছরকে ছুরি দিয়ে কোপান সহ-বিমানচালক । শুধু তা-ই নয়, বিমানটিকে ক্র্যাশ করানোর চেষ্টা করেন বলেও খবর। গুরুতর আহত হয়েও ১৮০ যাত্রীর প্রাণ বাঁচিয়েছেন ফ্লাইদুবাই বিমানের ভারতীয় বিমানচালক ক্যাপ্টেন স্মিত।
আরও পড়ুন:
স্মিতের সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাহবা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহুর মতো রাষ্ট্রপ্রধানেরাও। সংবাদ প্রতিবেদন অনুসারে, সৌদি আরবের তাবুকের একটি হাসপাতালে অস্ত্রোপচারের পর স্থিতিশীল অবস্থায় আছেন তিনি।
আরও পড়ুন:
এমত অবস্থায় স্মিতের একটি পুরনো পডকাস্ট ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেটি। সেখানে স্মিতকে বলতে দেখা গিয়েছে, যখন আমরা মাঝ-আকাশে থাকব, তখন যদি কিছু ঘটে, তবে কে বাঁচাবে? নিজেই এই প্রশ্নের উত্তর দেন স্মিত। তাঁর কথায়, ‘‘কপাল খুব ভাল থাকলে বিমানে এক জন চিকিৎসক উপস্থিত থাকবেন। কেননা তাঁরাই একমাত্র আপনার জীবন রক্ষা করতে পারেন।’’
আরও পড়ুন:
৩০ সেপ্টেম্বরের ঘটনার পর স্মিতের এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। ফ্লাইদুবাইয়ের সেই জরুরি পরিস্থিতিতে, কথাগুলো যে এমন ভাবে সত্যি হয়ে যাবে তা স্মিত হয়তো কল্পনাও করতে পারেননি। সহ-বিমানচালক ছুরি দিয়ে স্মিতের হাতে, মাথায়, পেটে কোপ বসান। সৌভাগ্যবশত সেই বিমানে সফর করছিলেন এক দন্ত্যচিকিৎসক। তিনিই প্রাথমিক চিকিৎসার দায়িত্ব নেন বলে জানা গিয়েছে। রক্তপাত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন তিনি। বিমানের অন্যান্য যাত্রীও তাঁকে সাহায্য করেন।
আরও পড়ুন:
‘জিউইশব্রেকিংনিউজ়’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ঘটনাটির ভিডিয়ো ভাগ করে নেওয়া হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভিডিয়োটি কয়েক লক্ষ বার দেখা হয়েছে। ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন বহু নেটাগরিক। স্মিতের বীরত্বকে কুর্নিশ জানিয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন সকলে।