৫০০ টাকা খুঁজে পাচ্ছেন না শিক্ষিকা। সন্দেহ করলেন পড়ুয়াদের। সেই সন্দেহ থেকে তাদের ব্যাগ খুঁজলেন তিনি। কিন্তু তাতেই ক্ষান্ত হলেন না। এর পর ছাত্রীদের পোশাক খুলে হারানো ৫০০ টাকার তল্লাশি করলেন শিক্ষিকা। দিদিমনির এই কাণ্ডে কান্নায় ভেঙে পড়ল পড়ুয়ারা। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি ঘটেছে রাজস্থানের সওয়াই মাধেপুরের এক সরকারি স্কুলে। পোশাক খোলার নির্দেশ অমান্য করার সুযোগও দেননি অভিযুক্ত শিক্ষিকা। অভিযোগ, শিক্ষিকা পড়ুয়াদের বলেন, কেউ যদি জামা খুলতে না চায় তা হলে সে ৫০০ টাকা দিয়ে স্কুল ছেড়ে বেরিয়ে যেতে পারে। শিক্ষিকার এই কথা ছাত্রীদের মনে উদ্বেগের সৃষ্টি করে। ঘটনাটি জানাজানি হওয়ার পর অভিভাবকেরা বিদ্যালয়ের বাইরে এসে বিক্ষোভ করেন। ঝামেলার জেরে স্কুলকর্তৃপক্ষ সেই শিক্ষিকাকে অনির্দিষ্ট কালের জন্য নিলম্বিত (সাসপেন্ড) করার সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, স্কুলপ্রাঙ্গনে দাঁড়িয়ে অঝোরে কেঁদে চলেছে ছাত্রীরা। চোখে জল নিয়েই একে অপরকে সামলাচ্ছে তারা। কেউ আবার ভয়ে নিজের হাত দিয়েই নিজেকে জড়িয়ে ধরে কেঁদে চলেছে। মনখারাপ করা সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘সিপিটোনপি’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় আট লক্ষ ৫৩ হাজার বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। সাড়ে ছ’হাজারেরও বেশি নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকমের মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘এই মহিলাকে জেলে ভরা উচিত।’’ বহু নেটাগরিক ভিডিয়োর মন্তব্যবাক্সে সরকারি স্কুলের শিক্ষাব্যবস্থা এবং শিক্ষক-শিক্ষিকাদের পড়ুয়াদের প্রতি আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন।