মার্ভেলের যে কোনও সিনেমা ঘিরে মার্ভেল-প্রেমীদের মধ্যে উচ্ছ্বাসের শেষ থাকে না। বিশেষ করে সেই সিনেমা যদি ‘অ্যাভেঞ্জার্স’ বা ‘স্পাইডারম্যান’-এর কোনও সিরিজ় হয়। সম্প্রতি মুক্তি পেয়েছে ডেস্টিন ড্যানিয়েল ক্রেটনের পরিচালনায় টম হল্যান্ড ও জ়েনডায়া অভিনীত ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’। ভারতে মুক্তির প্রথম দিনই এ সিনেমা রেকর্ড গড়েছে। পর্দায় যখন দুষ্টের দমন করছে মাকড়সা মানুষ, প্রেক্ষাগৃহে তখন স্পাইডারম্যানের ভক্তদের মধ্যে দেখা গেল ধুন্ধুমার। ‘স্পয়লার’ দেওয়া নিয়ে শুরু হওয়া ঝামেলা গড়াল হাতাহাতিতে। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোন জায়গার, কোন প্রেক্ষাগৃহে ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে জানতে পারা যায়নি।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এক তরুণ এক তরুণীকে নিয়ে সিনেমাটি দেখতে গিয়েছিলেন। সম্ভবত তরুণের আগে থেকেই সিনেমাটি দেখা ছিল। জ্ঞান জাহির করার জন্য তিনি পরের সিনে কী হতে চলেছে তা আগে থেকেই তরুণীকে জানিয়ে দিচ্ছিলেন। এর ফলে পাশের সারিতে থাকা একদল তরুণ বিরক্তি বোধ করেন। চার বন্ধু মিলে সিনেমা দেখতে গিয়েছিলেন তাঁরা। তরুণকে স্পয়লার না দেওয়ার অনুরোধ করেন তাঁরা। তা সত্ত্বেও তরুণ কথা কানে তোলেননি। এর পর ঝামেলা শুরু হয়। অল্প সময়ের মধ্যেই তা হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, প্রেক্ষাগৃহের স্ক্রিনে চলছে ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’। কিন্তু সে দিকে নজর নেই দর্শকদের। কারণ, দর্শকাসনেই পাওয়া যাচ্ছে বিনোদন। স্পয়লার দেওয়া নিয়ে একদল তরুণের সঙ্গে এক তরুণের লেগেছে ধুন্ধুমার ঝামেলা। এক তরুণের পরনে থাকা জামার কলার ধরে অপর তরুণ তাঁকে মারতে লাগলেন। পাশ থেকে এক তরুণ আবার অপর এক তরুণকে মেরে চললেন। দেখে মনে হচ্ছিল যে যাঁকে পারছেন মেরে চলেছেন। আশপাশের দর্শকেরা তাঁদের মারামারি দেখে চললেন। স্পাইড্যারম্যানের দিকে কারও আর নজর নেই তখন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘মিরাকল’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যেই প্রায় ৮৩ লক্ষ বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। ১১ হাজার নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকমের মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘ভাল হয়েছে তরুণ মার খেয়েছেন। সিনেমা দেখতে গিয়ে স্পয়লার দেওয়ার কী আছে?’’