মাঠে চড়ছিল ভেড়ার পাল। হঠাৎই সেখানে জরুরি কারণে হেলিকপ্টার নামানোর প্রয়োজন পড়ে গেল। কিন্তু ভেড়ার পাল সরিয়ে মাঠে হেলিকপ্টার নামানো হবে কী উপায়ে? সাহায্যে এগিয়ে এল একটি সাদা রঙের কুকুর। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়ো অনুসারে ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ায়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মাঠে ঘুরে বেড়াচ্ছে ভেড়ার পাল। সেই মাঠের পাশ দিয়ে চলে যাওয়া রাস্তায় দাঁড়িয়ে রয়েছে একটি পুলিশের গাড়ি। গাড়ির পাশে দাঁড়িয়ে কয়েক জন পুলিশ আকাশের পানে চেয়ে রয়েছে। সেখানে উড়তে দেখা গেল একটি হেলিকপ্টারকে। দেখে মনে হল, সেই হেলিকপ্টারের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করছে পুলিশ। ভেড়ার পাল চড়ে বেড়ানো মাঠটিতেই হেলিকপ্টারটিকে নামার নির্দেশ দেওয়া হল। জরুরি পরিস্থিতির কারণে সেটিকে তখনই ওখানে নামাতে হবে। কিন্তু মাঠে তো ভেড়া। তাদের সেখান থেকে সরানোর দায়িত্ব নিল একটি কুকুর। দায়িত্ব নিয়ে সমস্ত ভেড়াকে পথ দেখিয়ে মাঠ থেকে সরিয়ে আনল কুকুরটি। ভেড়াগুলিও কুকুরটিকে অনুসরণ করে ছুটতে ছুটতে মাঠ ছাড়তে লাগল। কুকুরটি আবার পিছন ঘুরে দেখে নিল তার সঙ্গীরা ঠিকঠাক আসছে কি না। মুহূর্তে সাদা ভেড়ায় ঢেকে থাকা মাঠ পরিষ্কার হয়ে গেল। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
ক্যালিফোর্নিয়ার লাগুনা সৈকত থানার পুলিশ সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল। তারাই হেলিকপ্টারটিকে জরুরি কারণে মাঠে নামাচ্ছিলেন। কুকুরটি অজান্তেই তাদের সাহায্য করে ফেলায় তারা বেজায় খুশি। ‘ফক্সওয়েদার’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। কুকুরটির প্রশংসার পঞ্চমুখ নেটপাড়া।