বিছানায় শুয়ে ঘুমোচ্ছিলেন বৃদ্ধ! পৌঁছে গেল সাক্ষাৎ যমরাজ। বিছানায় উঠে পড়ল একটি বিশাল গোখরো। দূর থেকে দাঁড়িয়ে দেখলেন বৃদ্ধের পরিবারের অসহায় সদস্যেরা। তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, হঠাৎ করে একটি বিশাল গোখরা এক বৃদ্ধের বিছানায় এসে হাজির হয়েছে। অঘোরে ঘুমোচ্ছেন বৃদ্ধ। তাঁর কোনও হুঁশ নেই। অন্য দিকে, ওই বৃদ্ধের ঠিক মাথার কাছে ফণা তুলে দাঁড়িয়ে আছে বিষাক্ত সাপটি। পরিবারের সদস্যেরা সাপটিকে বৃদ্ধের বিছানায় দেখে চমকে যান। তবে সাপটিকে সরানোর পরিবর্তে সেটিকে সরে যাওয়ার অনুরোধ করতে থাকেন তাঁরা। অন্য দিকে সাপের সঙ্গে শুয়ে থাকা বৃদ্ধ সম্ভবত বুঝতেই পারেননি যে সাক্ষাৎ মৃত্যু তাঁর আশপাশে রয়েছে। সামান্য নড়াচড়া করলেই সাপটি নিশ্চিত ভাবে তাঁকে ছোবল দিত। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘নাইটমেয়ার অফ হেটার্স’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে। কয়েক ঘণ্টার মধ্যেই ভিডিয়োটি হাজার হাজার মানুষের কাছে পৌঁছে গিয়েছে। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। ভিডিয়োটি দেখার পর উদ্বেগও প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘ভয়ের মধ্যেও মানুষের এমন ধৈর্য ধরে রাখা বিস্ময়কর। তবে সাপের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করাটাই সবচেয়ে জরুরি এবং সাপটিকে নিরাপদে সরিয়ে ফেলাই ছিল সঠিক পদক্ষেপ।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘এমন পরিস্থিতিতে ভিডিয়ো করা বা কথা বলার পরিবর্তে অবিলম্বে উদ্ধারকারীদের ডাকা উচিত ছিল।’’