Advertisement
E-Paper

স্কুটিতে তরুণী, গা ঘেঁষে চলছে অটো! চালকের ভাবগতিক নিয়ে প্রশ্ন উঠতেই প্রকাশ্যে অন্য সত্য, ভাইরাল ভিডিয়ো

বেঙ্গালুরু ভ্রমণের সময় এই ঘটনাটি প্রত্যক্ষ করার পর ইনস্টাগ্রাম ব্যবহারকারী চেতনা সরাফ ভিডিয়োটি ক্যামেরাবন্দি করেন। জানান, একটি অটোতে যাওয়ার সময় বিষয়টি লক্ষ্য করেন তিনি এবং তাঁর বন্ধুরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৬ ০৯:০৫
Video shows an auto driver helping woman in scooty in Bengaluru

ছবি: ইনস্টাগ্রাম।

স্কুটি চালাচ্ছেন তরুণী। একেবারে গা ঘেঁষে অটো চালাচ্ছিলেন এক চালক! প্রথম দেখায় মনে হবে নিশ্চয়ই কোনও বদ মতলব রয়েছে অটোচালকের। কিন্তু আসল সত্য প্রকাশ্যে আসতেই বাহবা পেলেন ওই যুবক। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তা দিয়ে স্কুটি চালিয়ে যাচ্ছেন এক তরুণী। তাঁকে পিছন থেকে ক্যামেরাবন্দি করা হচ্ছে। মুখ দেখা যাচ্ছে না। আর তরুণীর স্কুটির গা ঘেঁষে অটো চালাচ্ছেন এক যুবক। দু’টি বাহন এতটাই কাছাকাছি যে কেউ এক জন নিয়ন্ত্রণ হারালেই বিপদ অনিবার্য। ভিডিয়ো দেখে প্রথমে অটোচালকরে মতলব ভাল না-ও ঠেকতে পারে। তবে ভাল ভাবে দেখলে বোঝা যায়, স্কুটির গা ঘেঁষে অটো চালিয়ে আসলে তরুণীকে সাহায্যই করছিলেন চালক। ওই তরুণীর স্কুটারটি বিকল হয়ে পড়লে চালক তাঁর পাশে এসে দাঁড়িয়েছিলেন এবং নিজের অটোর সাহায্যে স্কুটারটিকে ঠেলে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। আর সে কারণে তরুণীর স্কুটিতে পা ঠেকিয়ে রেখেছিলেন ওই অটোচালক। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

বেঙ্গালুরু ভ্রমণের সময় এই ঘটনাটি প্রত্যক্ষ করার পর ইনস্টাগ্রাম ব্যবহারকারী চেতনা সরাফ ভিডিয়োটি ক্যামেরাবন্দি করেন। জানান, একটি অটোতে যাওয়ার সময় বিষয়টি লক্ষ্য করেন তিনি এবং তাঁর বন্ধুরা। চেতনা জানিয়েছেন, অটোচালক যুবক প্রায় ১০ থেকে ১৫ মিনিট ধরে ওই তরুণীকে সাহায্য করেন এবং স্কুটারটি সচল রাখতে সাধ্যমতো সব কিছুই করেন। শেষ পর্যন্ত তিনি ওই তরুণীকে একটি নিরাপদ জায়গায় পৌঁছোতে সাহায্য করেন। ইনস্টাগ্রাম ব্যবহারকারী জানান, পুরো ঘটনাটি নিয়ে তিনি এতটাই মগ্ন ছিলেন যে ঘটনার খুব সামান্য অংশই রেকর্ড করতে পেরেছিলেন। চালকের নাম তানজিম বলে উল্লেখ করেছেন তিনি।

ভাইরাল সেই ভিডিয়ো ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ঘটনাটি উদ্বুদ্ধ করেছে নেটাগরিকদের। অটোচালকের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তাঁরা। অনেকেই মন্তব্য করেছেন যে তাঁর কাজে দয়া ও সহমর্মিতার প্রতিফলন ঘটেছে। কেউ কেউ অটোচালককে এক জন দায়িত্বশীল নাগরিক এবং ভাল মানুষ হিসেবেও অভিহিত করেছেন।

Viral Video Bengaluru

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy