প্ল্যাটফর্ম এবং ট্রেনের মাঝখানের ফাঁক দিয়ে পড়ে গেল শিশু। তার পরও তাকে উদ্ধার করা হল অক্ষত অবস্থায়! ঘটনাটি ঘটেছে চিনের চেংদু রেলস্টেশনে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম চিনের সিচুয়ান প্রদেশের চেংদু ইস্ট রেলওয়ে স্টেশনে ভয় ধরানো এই ঘটনাটি ঘটে। সেখানে জি৮৬৪৫ নম্বর ট্রেনে ওঠার সময় একটি ছোট শিশু প্ল্যাটফর্ম এবং ট্রেনের মাঝখানের ফাঁকা জায়গায় পড়ে যায়। সমাজমাধ্যমে ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বড় স্যুটকেস নিয়ে ট্রেনে উঠছেন এক তরুণী। পিছনে রয়েছে তাঁর শিশুসন্তান। কিন্তু ট্রেনে ওঠার আগে প্ল্যাটফর্ম এবং ট্রেনের মাঝখানের ফাঁকা জায়গাটি খেয়াল করেনি শিশুটি। ফলে মুহূর্তের মধ্যেই সে সেই ফাঁক দিয়ে নীচে পড়ে যায় সে। সঙ্গে সঙ্গে তার চিৎকারে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ধারে এগিয়ে আসেন রেলপুলিশের টহলরত এক আধিকারিক। মায়ের আর্তনাদ এবং যাত্রীদের আতঙ্কিত হওয়ার শব্দ শুনেই দ্রুত ঘটনাস্থলে ছুটে যান তিনি। এরপর তিনি শিশুটিকে সেই ফাঁকা জায়গা থেকে টেনে তুলতে তার বাবা-মাকে সহায়তা করেন। কোনও আঘাত ছাড়াই রক্ষা পায় শিশুটি। সুরক্ষিত ভাবে পরিবারের সঙ্গে ট্রেনে চড়িয়ে দেওয়া হয় তাকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, পরে চিকিৎসাকর্মীরা শিশুটিকে পরীক্ষা করে নিশ্চিত করেছেন যে সে সম্পূর্ণ সুস্থ এবং তার শরীরে কোনও আঘাত লাগেনি।
আরও পড়ুন:
চাঞ্চল্যকর সেই ঘটনার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘বুলভার মিডিয়া’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। ভ্রমণের সময় অভিভাবকদের ছোট সন্তানদের প্রতি সতর্ক থাকার বার্তাও দিয়েছেন নেটাগরিকদের একাংশ।