ডেলিভারি রোবটদের ভিড়। একে একে রাস্তা পেরোচ্ছে তারা। আর তার জেরে সাময়িক ভাবে যানজটই সৃষ্টি হয়ে গেল রাশিয়ার। ঘটনাটি ঘটেছে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সমাজমাধ্যম ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, সেন্ট পিটার্সবার্গের একটি রাস্তার মোড়ে স্যুটকেস-আকৃতির এক দল ডেলিভারি রোবট সাময়িক যানজট সৃষ্টি করেছে। ছ’চাকার রোবটগুলি রাশিয়ান সংস্থা ‘ইয়ান্ডেক্স’-এর। একটি ব্যস্ত রাস্তা দিয়ে দলবদ্ধ ভাবে চলার সময় এদের সতর্ক এবং স্বয়ংক্রিয় পরিচালন ব্যবস্থার কারণে সেখানে চলাচলের পথ সঙ্কুচিত হয়ে পড়ে। ফলে অন্য গাড়ির চালকেরা তাঁদের গাড়ি থামিয়ে রোবটগুলিকে নিরাপদে রাস্তা পার হওয়ার সুযোগ করে দেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘আরটি হিন্দি’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার মজার মজার মন্তব্য করেছেন অনেকে। এক নেটাগরিক মজার সুরে লিখেছেন, ‘‘রোবট যানজট সৃষ্টি করে দিল। আস্তে আস্তে তো সব জায়গাতেই মানুষকে টেক্কা দিচ্ছে মানবযন্ত্র!’’