সমুদ্রের তলায় ইচ্ছাকৃত ভাবে সজোরে ধাক্কা মারল ‘কিলার হোয়েল (ঘাতক তিমি)’ ওরফে ওরকা! ধাক্কার অভিঘাতে বিস্ফোরিত হয়ে হাজার হাজার টুকরো হল ২,০০০ কেজি ওজনের একটি মাছ। সামুদ্রিক জীববিজ্ঞানীরা ঘাতক তিমির শিকারের তেমনই এক অসাধারণ দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন, যা আগে কখনও দেখা যায়নি। সেই ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ঘাতক তিমি ইচ্ছাকৃত ভাবে বিশাল আকারের একটি ‘ওশান সানফিশ’কে এত জোরে ধাক্কা দেয় যে মাছটি হাজার হাজার টুকরোয় ভেঙে যায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মেক্সিকোর ‘গালফ অফ ক্যালিফোর্নিয়া’য় এই ঘাতক তিমির শিকারের এই অসাধারণ দৃশ্যটি ক্যামেরাবন্দি করা হয়েছে। ক্যামেরাবন্দি করেছেন সামুদ্রিক জীববিজ্ঞানী ক্যাথরিন আয়ার্স। ঘটনাটি বিজ্ঞানীদের সামনে ঘাতক তিমিদের বুদ্ধিমত্তা এবং দলবদ্ধ ভাবে শিকার করার কৌশলের এক বিরল নিদর্শনও তুলে ধরেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি স্ত্রী ওরকা একটি মৃত সানফিশের লেজ মুখে করে ধরে রেখেছে। সে দিকে দ্রুত গতিতে ধেয়ে যাচ্ছে একটি পূর্ণবয়স্ক পুরুষ ওরকা। ধাক্কা লাগার ঠিক আগের মুহূর্তে স্ত্রী ওরকা সানফিশটিকে ছেড়ে দেয়। ফলে পুরুষ ওরকা প্রচণ্ড গতিতে সেটিকে আঘাত করতে সক্ষম হয়। সংঘর্ষের ফলে একটি স্পষ্ট শব্দ শোনা যায় এবং বিশাল সানফিশটি ফেটে টুকরো টুকরো হয়ে যায়। জলের মধ্যে ছড়িয়ে পড়ে তার দেহাংশ। সেই মাছের দেহের টুকরোগুলি খেতে শুরু করে ওরকার দল। একটি কমবয়সি ওরকাকে সানফিশের ছোট টুকরোগুলি খেতে দেখা যায়। পূর্ণবয়স্ক ঘাতক তিমিরা মাছের বড় অংশ খেতে শুরু করে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ওশান সানফিশ বা ‘মোলা মোলা’ বিশ্বের অন্যতম বৃহত্তম অস্থিযুক্ত মাছ। এদের দৈর্ঘ্য তিন মিটারেরও বেশি এবং ওজন ২,০০০ কিলোগ্রাম (৪,৪০০ পাউন্ড) পর্যন্ত হতে পারে। বিশাল আকৃতির হওয়া সত্ত্বেও এরা ঘাতক তিমিদের শিকারের তালিকায় রয়েছে। অন্য দিকে, ওরকা পরিচিত অসাধারণ সমস্যা সমাধানের ক্ষমতা এবং তাদের মধ্যেকার সমন্বয়ের কারণে। ওরকাদের সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে অন্যতম বুদ্ধিমান প্রাণী হিসাবে গণ্য করা হয়।
আরও পড়ুন:
ওরকার শিকারের ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ডম লুকরে | ব্রেকার অফ ন্যারে়টিভস’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর বিস্মিত হয়ে পড়েছেন নেটাগরিকদের একাংশ। ঘাতক তিমির শক্তি এবং বুদ্ধির প্রশংসাও করেছেন অনেকে।