বিয়ের অনুষ্ঠানগুলিতে অনেক সময় অদ্ভুত কিছু ঘটনা ঘটে। আত্মীয়দের কাণ্ডে অনেক অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হতে হয় বর-কনেকে। পরিজনদের কারণে হাসির রোলও ওঠে বিয়েবাড়িতে। সম্প্রতি একটি বিয়েবাড়ির যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, তা দেখে হেসে কুটিপাটি নেটপাড়া। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমেও হইচই পড়েছে। যদিও ভাইরাল সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বিয়েবাড়ি উপলক্ষে বিশাল মঞ্চ বাঁধা হয়েছে। চারদিকে আলোর রোশনাই। মঞ্চে বসে রয়েছেন বর-কনে। তাঁদের দু’পাশে ভিড় করে দাঁড়িয়ে আত্মীয়েরা। বর-কনেকে আশীর্বাদ করছেন তাঁরা। এমন সময় এক প্রৌঢ় হঠাৎ মঞ্চে উঠে পড়েন। তবে তাঁর পোশাক অন্যদের চেয়ে সম্পূর্ণ আলাদা। শুধুমাত্র হাফ প্যান্ট এবং হাতকাটা গেঞ্জি পরেই মঞ্চে ওঠেন তিনি। শুধু তাই নয়, মঞ্চে বেশ উদ্দীপনার সঙ্গে নাচতেও শুরু করেন। অন্য আত্মীয়দের মতোই তিনিও আশীর্বাদস্বরূপ বর এবং কনেকে ১০০ টাকা করে উপহার দেন। পাত্র-পাত্রী তাঁকে প্রণাম করলে আশীর্বাদও করেন নাচতে নাচতে। ক্যামেরাবন্দি করা হয় প্রৌঢ়ের অদ্ভুত এবং অনন্য ভঙ্গি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘রেয়ারইন্ডিয়ানক্লিপস’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘আঙ্কলজি মাতিয়ে দিয়েছেন। বিয়ে কি আর কোনও অদ্ভুত কাণ্ডকারখানা ছাড়া হতে পারে?’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘কাকুর পোশাক কিন্তু সেরা।’’