মাঝ-আকাশে দুর্ঘটনা! দুই বিমানের সংঘর্ষে মৃত্যু হল চার পাইলটের। শুক্রবার ফিলিপিন্সে ঘটনাটি ঘটেছে। মর্মান্তিক সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
জানা গিয়েছে, শুক্রবার বিকেলে রাজধানী ম্যানিলার দক্ষিণে একটি সামরিক বিমানঘাঁটিতে প্রশিক্ষণ অনুশীলনের সময় ফিলিপিন্স বায়ুসেনার ওই দুই বিমানের মধ্যে সংঘর্ষ ঘটে। বিমানগুলি ছিল এসএফ-২৬০ মডেলের একক ইঞ্জিনের প্রপেলার বিমান, যা ফার্নান্দো বিমানঘাঁটির ভিতরেই ভেঙে পড়ে। মৃত্যু হয় বিমান দু’টিতে থাকা চার জন পাইলটেরই। এই ঘটনার পর ফিলিপিন্স বায়ুসেনা তাদের এসএফ-২৬০ বিমানগুলির কার্যক্রম সাময়িক ভাবে স্থগিত করেছে এবং কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছেন।
আরও পড়ুন:
‘আরটি_ইন্ডিয়া’র এক্স হ্যান্ডল থেকে প্রকাশিত ভিডিয়োয় দেখা গিয়েছে, আকাশে উড়ছে ফিলিপিন্স বায়ুসেনার চারটি বিমান। এর মধ্যে দু’টি বাঁ দিকে বাঁক নিয়ে কিছুটা এগিয়ে যেতেই একে অপরের সঙ্গে ধাক্কা খায়। আগুন ধরে যায় বিমান দু’টিতে। দু’টি বিমানই নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
শনিবার এই ঘটনার সত্যতা নিশ্চিত করে ফিলিপিন্স বায়ুসেনার মুখপাত্র কর্নেল আলভিন ক্যাপিনগুইয়ান জানান, বিমান দু’টি বিমানঘাঁটির সীমানার ভিতরেই ভেঙে পড়ে। চার পাইলট ছাড়া আর কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানিয়েছেন তিনি। প্রাণঘাতী দুর্ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বায়ুসেনা তাদের এসএফ-২৬০ বিমানগুলির উড়ান সাময়িক ভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। প্রশিক্ষণ অনুশীলনের সময় কেন বিমান দু’টি ভেঙে পড়ল তা খুঁজে বার করতে তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন:
কয়েক মাস আগেই ফিলিপিন্সে এই এসএফ-২৬০ বিমানেই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছিল। মে মাসে দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ বেঙ্গুয়েতে একটি এসএফ-২৬০ বিমান প্রশিক্ষণের সময় ভেঙে পড়লে দু’জন সামরিক পাইলট নিহত হন। বার বার এ ধরনের ঘটে যাওয়া ঘটনাগুলি সামরিক বিমান প্রশিক্ষণের সঙ্গে জড়িত ঝুঁকিগুলির দিকে দৃষ্টি আকর্ষণ করেছে।