সাংবাদিক সম্মেলনে এসে বিপাকে পড়েছেন কোনও রাজনৈতিক নেতা, এমন বিষয় হামেশাই সংবাদ শিরোনামে উঠে আসে। শুধু ভারতেই নয়, দেশের গণ্ডি পার করে বিদেশেও দেখা যায় একই ধরনের চিত্র। সাংবাদিকদের চোখা চোখা প্রশ্নবাণে জর্জরিত হচ্ছেন রাজনীতিবিদেরা, এমন ঘটনা বিরল নয়। কেউ কেউ আবার বেশ গুছিয়ে সে সব আক্রমণ প্রতিহত করেন। কেউ আবার গোলমেলে প্রশ্ন এড়িয়েও যান। তবে সম্প্রতি সাংবাদিক সম্মেলনে এসে এমন কাণ্ড ঘটালেন এক রাজনীতিবিদ, যা নিয়ে চর্চা শুরু হয়েছে নেটপাড়ায়।
আরও পড়ুন:
ঘটনাটি তুরস্কের। অদ্ভুত কীর্তিটি করেছেন সে দেশের প্রধান বিরোধী দলের নেতা ওজ়গুর ওজ়েল। সেখানকার রিপাবলিকান পিপল্স পার্টির (সিএইচপি) সদস্য তিনি। এডরিনে একটি সাংবদিক সম্মেলনে যোগ দিয়েছিলেন ওজ়েল। সেখানেই এমন এক কাজ করেন, যার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োয় দেখা গিয়েছে ধবধবে সাদা পরিপাটি শার্ট পরে রয়েছেন ওজ়েল। তাঁর সামনে রাখা বেশ কয়েকটি মাইক্রোফোন। ক্যামেরায় একটি হাতকে মাইক্রোফোনগুলি রাখতে দেখা যায়। এর পরই মাইকগুলির দিকে তাকিয়ে থাকতে দেখা যায় তরুণ নেতাকে। তাঁর চোখেমুখে যেন বিরক্তির ছাপ।
আরও পড়ুন:
তার পর তিনি যে কাণ্ড ঘটান, তার জন্য বোধহয় কেউই প্রস্তুত ছিলেন না। আসলে, মাইকগুলি রাখার সময় খানিকটা অবিন্যস্ত হয়ে ছিল, একটি মাইকের উপর আর একটিকেও রাখা হয়। তা দেখেই সেগুলিকে ঠিকঠাক ভাবে সাজিয়ে রাখতে শুরু করেন ওজ়েল। সে কাজ এক বার করে মন ভরেনি তাঁর। প্রথম বার মাইকগুলি সাজিয়ে রাখার পর তাঁর একেবারে ডান দিক থেকে আবার একটি মাইক তুলে নিয়ে সেটিকে একেবারে বাঁ দিকে রাখেন তিনি। এখানেই শেষ নয়, আরও দু’টি মাইকের জায়গা অদলবদল করতে দেখা যায় তাঁকে। সবশেষে মাইকগুলিকে ভাল ভাবে নিরীক্ষণ করেন। সংবাদ প্রতিবেদন অনুসারে, প্রায় মিনিটখানেক ধরে এই সাজানো-গোছানোর কাজকর্ম করেছেন ওজ়েল।
‘গুলসুম_কেএইচআরএমএন’ নামের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে ঘটনাটির ভিডিয়ো পোস্ট করা হয়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভিডিয়োটি প্রায় ১ লক্ষ বার দেখা হয়েছে। ঘটনা দেখে হাসিতে ফেটে পড়েছেন বহু নেটাগরিক। এক জন লিখেছেন, “আমার মনে হয়, ভদ্রলোক একেবারে বাতিকগ্রস্ত!” আর এক সমাজমাধ্যম ব্যবহারকারী আবার মাইকগুলিকে রং অনুযায়ী সাজিয়ে রাখা নিয়েও মন্তব্য করেছেন।