সম্প্রতি অভিনব এক পরিষেবা দেওয়া শুরু করেছেন জনৈক তরুণ। অর্থের বিনিময়ে পিঠ চুলকে দেন তিনি। আর সেই কাজ করেই লক্ষ লক্ষ টাকা উপার্জনও করেন। ঘটনাটি চিনের। যদিও ঘটনাটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদ প্রতিবেদন অনুসারে, ওই তরুণের নাম ঝাং শিয়াওচিয়াও। বয়স ৩২। চিনের হুবেই প্রদেশের বাসিন্দা তিনি। পড়াশোনার পাট শেষ করার পর এক বছরের মধ্যে সাতটি চাকরি ছাড়েন। ৩০ বছর বয়স হওয়ার আগেই তিনি দু’টি সংস্থা গড়ে তোলেন, কিন্তু সফল হননি। অবশেষে চলতি বছরের মে মাসে এই ব্যবসাটি শুরু করেন।
ঝাংয়ের দাবি, সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় এক তরুণীকে তাঁর স্বামীর পিঠ চুলকে দিতে দেখেন তিনি, সেখান থেকেই এই ব্যবসাটির ভাবনা মাথায় আসে তাঁর। ওই ভিডিয়ো দেখে ঝাংয়ের মনে পড়ে যায়, এ ভাবেই ছোটবেলায় তাঁকে ঘুম পাড়াতেন তাঁর বাবা।
আরও পড়ুন:
বর্তমানে দু’টি শাখা রয়েছে তাঁর সংস্থার। জানা গিয়েছে, সেগুলি থেকে মাসে প্রায় ১,০০,০০০ ইউয়ান (ভারতীয় মুদ্রায় ১৪ লক্ষ টাকার কিছু বেশি) আয় হয়। শেনচেনের বাওআন জেলায় তার প্রথম চুলকানি নিরাময়ের দোকান খোলেন। এর এক মাস পরে ফুতিয়ান জেলায় খোলেন আর একটি শাখা। খবর, তাঁর দোকানের কর্মীরা বিশেষ ভাবে তৈরি সুচালো নখ পরে থাকেন। এগুলি দিয়েই গ্রাহকদের শরীরে আলতো করে আঁচড় দেওয়া হয়। ঘণ্টায় ৩০০ ইউয়ানের (ভারতীয় মুদ্রায় চার হাজার টাকা) বিনিময়ে এই পরিষেবা মেলে।
আরও পড়ুন:
ঝাং জানিয়েছেন, বড় শহরগুলোতে বহু মানুষ মানসিক চাপে ভোগেন। এই পরিষেবাটির লক্ষ্য হল মানুষকে স্বস্তি দেওয়া এবং শান্তিতে ঘুমোতে সাহায্য করা। তাঁর গ্রাহকদের মধ্যে ৭০ শতাংশই পুরুষ বলে উল্লেখ করেছেন ঝাং। জানা গিয়েছে, দেশ জুড়ে ১০০টি শাখা খোলার পরিকল্পনা রয়েছে ঝাংয়ের সংস্থার। চুলকানি সারানোকে একটি বহুলস্বীকৃত পেশা হিসেবে প্রতিষ্ঠা করারও আশা রয়েছে ঝাংয়ের।