ভবিষ্যতে আর্থিক নিরাপত্তার জন্য সঞ্চয় করা অত্যন্ত জরুরি। বিপদের দিনে কাজেও আসে সেটি। কেউ কেউ আবার শুধু সঞ্চয় করেই ক্ষান্ত হন না। বুঝেশুনে নানা উপায়ে বিনিয়োগও করেন। এর ফলে লাভও হয়। তেমনটাই করলেন উত্তরপ্রদেশের এক তরুণী। একটি ভিডিয়োর মাধ্যমে সেটি জানিয়েছেন তিনি। ভাইরাল হয়েছে ভিডিয়োটি।
আরও পড়ুন:
সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োটিতে দেখা গিয়েছে, একটি মাটির ভাঁড় থেকে টাকা বার করছেন এক তরুণী। তাতে যেমন কিছু খুচরো টাকা রয়েছে। এর পাশাপাশি রয়েছে ২০০ এবং ৫০০ টাকার নোটও। সব মিলিয়ে বেশ বড় অঙ্কের টাকাই জমিয়ে ফেলেছেন তিনি। এমনটাই ধরা পড়েছ ভিডিয়োয়। এর পর একটি ব্যাগ থেকে টাকার বেশ কয়েকটি গোছা বার করতে দেখা যায় তাঁকে।
আরও পড়ুন:
ভিডিয়োর পরের অংশে কয়েকটি কাগজে বুড়ো আঙুলের ছাপ দিতে দেখে যায় তরুণীকে। এর পর ক্যামেরায় ধরা পড়ে একটি জমি। সেই জমির একটি জায়গায় লেখায় ধরা পড়ে ওই তরুণীর নাম। বোঝা যায়, ওই বিশাল জমির একটি খণ্ড কিনেছেন তিনি। এই কাজেই ব্যয় করেছেন সঞ্চিত অর্থ। ভিডিয়োটির ক্যাপশনে লিখেছেন, স্বপ্ন পূরণ করেছেন তিনি।
‘ডিজেম্যাডগার্ল’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে ঘটনাটির ভিডিয়ো পোস্ট করা হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
লক্ষ লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। বহু নেটাগরিক তাতে বালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন। তরুণীকে প্রশংসায় ভরিয়েছেন নেটাগরিকেরা। মূল্যহ্রাস হবে এমন কিছু না কেনার জন্য তাঁর বুদ্ধির তারিফ করেছেন সকলে। তাঁকে শুভেচ্ছাও জানিয়েছেন। এক জন লিখেছেন, “ভাগ্যিস আপনি গাড়ি কেনেননি!”