Advertisement
E-Paper

২৬৭ জনকে নিয়ে সমুদ্রে জাহাজডুবি! কাঠামো আঁকড়ে প্রাণ বাঁচানোর আপ্রাণ চেষ্টা যাত্রীদের, ভাইরাল ভয়ঙ্কর ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২৫৯ জন যাত্রী এবং আট জন ক্রু নিয়ে জাহাজটি কাইরেনিয়া থেকে দক্ষিণ তুরস্কের তাশুজু যাচ্ছিল। সাইপ্রাস উপকূল থেকে প্রায় সাড়ে ছ’কিমি দূরে থাকাকালীন জাহাজটিতে জল ঢুকতে শুরু করে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৬ ১২:২৬
Visuals from the waters off northern Cyprus where a passenger ferry carrying 267 people capsized

ছবি: এক্স থেকে নেওয়া।

সমুদ্রে জাহাজডুবি! জাহাজের কাঠামো আঁকড়ে ধরে প্রাণ বাঁচানোর আপ্রাণ চেষ্টা করলেন যাত্রীরা। ভয়ঙ্কর সেই ঘটনা ঘটেছে উত্তর সাইপ্রাসের উপকূলের কাছে। জানা গিয়েছে, ২৬৭ জন যাত্রী নিয়ে যাওয়ার সময় একটি ছোট জাহাজ দুর্ঘটনার কবলে পড়ে। ডুবে যায় সেটি। সেই ঘটনায় অন্তত সাত জন নিহত এবং ২৩ জন নিখোঁজ হয়েছেন। চাঞ্চল্যকর ঘটনাটির একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রবিবার ২৫৯ জন যাত্রী এবং আট জন ক্রু নিয়ে জাহাজটি কাইরেনিয়া থেকে দক্ষিণ তুরস্কের তাশুজু যাচ্ছিল। সাইপ্রাস উপকূল থেকে প্রায় সাড়ে ছ’কিমি দূরে থাকাকালীন জাহাজটিতে জল ঢুকতে শুরু করে। এর পরেই দুর্ঘটনার কবলে পড়ে জাহাজটি।

ভিডিয়োয় দেখা গিয়েছে, উত্তাল সমুদ্রে ‘ফিলো জেট’ নামের জাহাজটি একপাশ কাত হয়ে পড়েছে। উল্টে যাওয়া জাহাজটির ওপর আতঙ্কিত যাত্রীরা জড়োসড়ো হয়ে আছেন। উদ্ধারকারী বোটগুলি তাঁদের দিকে এগিয়ে আসার সময় অনেককে লাইফ জ্যাকেট পরা অবস্থায় দেখা গিয়েছে। আবার অনেককে জলে ভেসে সাহায্যের অপেক্ষায় থাকতে দেখা গিয়েছে। ভিডিয়োর অন্য একটি অংশে দেখা গিয়েছে, ডুবে যাওয়া ফেরিটিকে ঘিরে বেশ কয়েকটি ছোট বোট দাঁড়িয়ে রয়েছে। মাথার ওপর দিয়ে একটি হেলিকপ্টার উড়ে যাচ্ছে। চলছে উদ্ধারকাজ। উদ্ধারকারী দলগুলি জল থেকে যাত্রীদের তুলে আনার এবং জাহাজে আটকে পড়াদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ করছিল। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

জানা গিয়েছে, দুর্ঘটনার মুখে পড়া ২৩৭ জনকে উদ্ধার করা হলেও সাত জন মারা গিয়েছেন। ২৩ জনের কোনও খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজদের সন্ধানে তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রক জলযান এবং হেলিকপ্টার মোতায়েন করেছে। স্থানীয় হাসপাতালগুলিতে আহতদের চিকিৎসা চলছে।

ঘটনার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘জিয়ানল১৯৭৪’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা দিয়েছেন নেটাগরিকদের একাংশ।

Viral Video Cyprus Boat Capsized

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy