প্রিয় বন্ধুর জন্য কেনাকাটা করতে গিয়ে মর্মান্তিক পরিণতি। জামাকাপড় কিনে আর ফেরা হল না বছর ৪০-এর শৈলেন্দ্রের। ভোপালের লক্ষ্মী টকিজ়ের কাছে একটি কাপড়ের দোকানে জামাকাপড় কিনছিলেন তিনি। হঠাৎ অস্বস্তি বোধ করতে থাকেন। কিছু ক্ষণ পর একটি ট্যাবলেট এবং কিছুটা জল খান। কয়েক সেকেন্ডের মধ্যেই ছটফট করতে করতে অজ্ঞান হয়ে পড়ে যান ৪০ বছর বয়সি বেসরকারি সংস্থায় কর্মরত ওই ব্যক্তি।
পুরো ঘটনাটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। সমাজমাধ্যমে মুহূর্তে ভাইরাল হয় সেই ফুটেজ। ভিডিয়োটি দেখে শোকপ্রকাশ করেছেন নেটাগরিকেরাও। ঘটনার আকস্মিকতায় বিস্ময় প্রকাশ করেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীদের অনেকে। ‘সিরাজনুরানি’ নামের এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) শেয়ার করা হয়েছে মর্মান্তিক ওই ভিডিয়ো। তবে, ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
হৃদ্রোগে আক্রান্ত হয়েই শৈলেন্দ্রের মৃত্যু হয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। যদিও ময়নাতদন্তের পর কারণ নিশ্চিত করা হবে বলে জানিয়েছে তারা। পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্ত করছে। জানা গিয়েছে, মৃতের পরিবারে রয়েছেন তাঁর স্ত্রী এবং দুই সন্তান।
হনুমানগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, এয়ারপোর্ট রোডের ডেটা কলোনির বাসিন্দা শৈলেন্দ্র মালব্য দিনকয়েক আগে রাত ৮টা নাগাদ এক বন্ধুর সঙ্গে পরিচিত এক ব্যক্তির দোকান থেকে কাপড় কিনতে বাজারে গিয়েছিলেন। পোশাক দেখতে দেখতে তাঁর অস্বস্তি হওয়ায় একটি চেয়ারে বসে পড়েন তিনি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ওষুধ ও জল খাওয়ার ২০ সেকেন্ডের মধ্যেই জ্ঞান হারান তিনি। তাঁর বন্ধু এবং দোকানের কর্মচারীরা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। খবর দেওয়া হয় তাঁর পরিবারকেও। কিন্তু, শেষরক্ষা হয়নি। হাসপাতালে পৌঁছোনোমাত্রই তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।