Advertisement
E-Paper

তিন কুলে কেউ নেই, তরুণের বিয়ে দিতে ঝাঁপিয়ে পড়লেন অপরিচিতেরাই! অঢেল উপহারের সঙ্গে মিলল বিয়ের গাড়িও

বিয়েতে আসবেন এমন কেউ নেই। কষ্ট করে বড় হওয়া তরুণকে ভালবাসার মানুষের সঙ্গে ‘এক’ হতে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অপরিচিতেরাই! পড়ল গাড়ির লাইন, এলাহি খাওয়াদাওয়ায় জমজমাট বিয়ের আসর। ভাইরাল ভিডিয়োয় ভালবাসার চিহ্ন আঁকলেন নেটাগরিকেরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ ০৭:৫৯
Viral Video

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সবে তখন প্রাথমিক বিদ্যালয়ে, হঠাৎ করেই মৃত্যু বাবার। পরে আবার বিয়ে করেন মা। ফলে দুই ভাইকে একে অপরের দেখভাল করতে হত সেই ছোট্ট থেকেই। এত প্রতিকূলতা সত্ত্বেও কঠোর পরিশ্রম করে ভালবাসার মানুষটিকে বিয়ে করার জন্য যথেষ্ট টাকা জমিয়েছিলেন চিনা তরুণ। কিন্তু, তাঁদের পরিবার বলতে কেউ নেই। খুব কম আত্মীয়স্বজন থাকায় তাঁর আশঙ্কা ছিল বিয়ে হয়তো খুব সাদামাঠা ভাবে হবে।

এত দূর বলে কিছু ক্ষণ থামলেন তরুণ। ভাইরাল হওয়া ভিডিয়োয় তার পরেই চমক! যেমন ভাবা তেমন কাজ। তিনি অনলাইনে অপরিচিত নেটাগরিকদেরই নিমন্ত্রণ করে বসলেন নিজের বিয়েতে। সঙ্গে সঙ্গে মিলল সাড়াও। সমাজমাধ্যম ব্যবহারকারীরা লিখলেন, “ভাই, আমরা আসছি!”

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বিনামূল্যে বিয়ের ভোজ খেতে যাননি অপরিচিত অতিথিরা। পরিবর্তে, প্রচুর উপহার এবং বিয়ের সমস্ত উপকরণ নিয়ে হাজির হয়েছিলেন তাঁরা। অনেক রাঁধুনি বিনামূল্যে সাহায্য করতে উপস্থিত হয়েছিলেন। কেউ কেউ বিয়ের জন্য একগাদা গাড়ির ব্যবস্থা করেছিলেন। এমনকি এক জন বর-কনের জন্য একটি ‘মেব্যাক’ গাড়ির ব্যবস্থাও করেন। অনেকে বাড়ি সাজিয়েছিলেন। তরুণের আন্তরিক আর্জিতে অপরিচিতদের সাড়া এবং প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টায় বিয়ের অনুষ্ঠানটি সমাজমাধ্যমে ব্যাপক দৃষ্টি আকর্ষণ করেছে। মুহূর্তে ভাইরাল হয়েছে বিয়ের ভিডিয়ো। যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

জানা গিয়েছে, ‘স্যাফায়ারক্রিস্টাল’ নামের একটি হ্যান্ডল থেকে ভিডিয়োটি রেডিটে শেয়ার করা হয়েছে। তরুণের মন ভাল করা বিয়ের গল্পটি অনেকের মন ছুঁয়ে গিয়েছে। এক সমাজমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, “মাত্র ১৫ মিনিট আগেই বিয়ের একটি ছোট ভিডিয়ো দেখে চোখে জল এসে গিয়েছিল।” আরও এক জন জানতে চেয়েছেন, “এত বিপুল জনসমাগম দেখে বরের প্রতিক্রিয়া কেমন ছিল? তিনি কি সত্যি এ রকমই কিছুর প্রত্যাশা করেছিলেন?” অপর এক জন আশা প্রকাশ করে লিখেছেন, “গ্রামটি আগামী বছরগুলিতেও ওই দম্পতির বিবাহবার্ষিকী উদ্‌যাপন করে তাঁদের পাশে থাকবেন।”

Orphan Weddings Chinese Stranger Netizens Viral News

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy