দিনকয়েক আগে একটি ঘোষণা করে সাড়া ফেলে দিয়েছিল অনলাইনে কিশোরীদের গানের ব্যান্ড (ভার্চুয়াল গার্ল ব্যান্ড) ‘বেবিকুইন’। তারা ঘোষণা করে তাদের দলের অন্যতম সদস্য ‘মিটি’ ব্যান্ড ছেড়ে দিচ্ছে। দল ছেড়ে দেওয়ার কারণ হিসেবে যা জানানো হয়েছিল তাতেই শোরগোল পড়ে যায় সমাজমাধ্যমে। বলা হয়, মিটি অন্তঃসত্ত্বা। সেই কারণেই সে গানের দল ছেড়ে দিচ্ছে। চিনের ওই ভার্চুয়াল কে-পপ ধাঁচের গার্ল ব্যান্ড, ব্যান্ডের সদস্য থেকে শুরু করে গান, সমস্তই কৃত্রিম মেধা বা এআই নির্মিত। ফলে ওই বিতর্কিত ঘোষণার জেরে পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়েন ভক্তেরা।
সমাজমাধ্যমে তীব্র সমালোচনার পর ক্ষমা চেয়েছে ব্যান্ডের সদস্যেরা। দলের পাঁচ ভার্চুয়াল গায়িকার মধ্যে এক জন অন্তঃসত্ত্বা হওয়ার কারণে দল ছেড়ে দিয়েছে বলে দাবি করা হয়েছিল ব্যান্ডের তরফে। সমাজমাধ্যমে গ্রুপটির অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে মিটি নামের এক ভার্চুয়াল সদস্যের একটি বিবৃতি শেয়ার করা হয়। সেখানে সে ঘোষণা করেছিল, সে ‘অন্তঃসত্ত্বা’ এবং স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়ার জন্য সঙ্গীত থেকে কিছুদিনের বিরতি নিচ্ছে।
বিবৃতিতে বলা হয়, “সম্প্রতি জানতে পেরেছি যে আমি অন্তঃসত্ত্বা। এ নিয়ে দীর্ঘ সময় ধরে চিন্তা-ভাবনা করার পর এবং কোম্পানি ও দলের সদস্যদের সঙ্গে আলোচনা করে আমি আপাতত ব্যান্ড থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যাতে বিশ্রাম এবং নিজের যত্ন নিতে পারি। এই সিদ্ধান্তটি নেওয়া সহজ ছিল না। আমি সত্যিই দুঃখিত। সবাই এত পরিশ্রম করেছিল, তবুও আমার কারণে পরিকল্পনা বদলাতে হল।” জনপ্রিয় এআই ব্যান্ডের আপডেটটি সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। মুহূর্তেই কয়েক লক্ষ বার দেখা হয় তাদের ওই পোস্ট। কে-পপ ইন্ডাস্ট্রিতে তীব্র বিতর্ক শুরু হয় পোস্টটি ঘিরে। বেশ কিছু সমাজমাধ্যম ব্যবহারকারী মজা করে বাবা কে হতে পারে তা নিয়ে প্রশ্ন তোলেন। তবে বেশির ভাগই অন্তঃসত্ত্বা অবস্থা এবং সন্তানের জন্মদানের মতো গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয় নিয়ে উপহাস করার অভিযোগে সমালোচনা করেন ওই গার্ল ব্যান্ডের।
আরও পড়ুন:
একজন কে-পপ ইন্ডাস্ট্রি নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি ব্যক্ত করে লিখেছেন, “আমার মতে, কে-পপের ভিতরে ও বাইরে অনেক কিছুই খুব নকল এবং কৃত্রিম। এক অর্থে, এটা সেই নকল হওয়ারই পরবর্তী ধাপ। তবে এটা একটা অনেক বড় ধাপ।” আরও একজন মন্তব্য করেছেন, “সত্যি সত্যি এআই কে-পপ শিল্পী অন্তঃসত্ত্বা হলে সেটা একটা বিরাট কেলেঙ্কারি হবে। স্বাভাবিক ভাবেই, একজন এআই শিল্পী অন্তঃসত্ত্বা হয়েছে বলাটা বেশ দুঃখজনক। কিন্তু আমার মনে হয় তারা শিরোনামে আসার জন্যই এ কাজ করেছিল।” ব্যাপক সমালোচনার পর ব্যান্ডের সদস্যেরা স্বীকার করে যে পুরো কাহিনিটি মনগড়া ছিল।
উল্লেখ্য, এই গানের দলটি ২০২৫ সালের সেপ্টেম্বরে চালু হয়েছিল এবং এর প্রত্যেক সদস্যের সমাজমাধ্যমে নিজস্ব হ্যান্ডল রয়েছে। ব্যান্ডের নেপথ্যে যারা রয়েছে, তাদের প্রত্যেকেরই বয়স ১৮-এর কম বলেও জানা যায়। এই বিষয়ে সম্প্রতি তারা ক্ষমা চেয়ে ব্যাখ্যা করেছে, “অনলাইনে একাধিক ব্যক্তিত্ব বজায় রাখা এবং প্রতিদিন বিভিন্ন বিষয় সৃষ্টি করা অত্যন্ত ক্লান্তিকর হয়ে উঠেছিল। তাই, আমরা একটি চরিত্র বাদ দিতে চেয়েছিলাম। আমরা ক্ষমাপ্রার্থী। আমরা কে-পপ পছন্দ করি এবং এখনও পড়াশোনা করছি।” তবে এই পোস্টগুলির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ‘বেবিকুইন’-এর বিবৃতিতে বলা হয়েছে, “মিটি ফিরে আসতে পারে। কেরিয়ার হিসেবে অভিনয় শুরু করতে পারে অথবা মাতৃত্ব ও শিশুদের নিয়ে বিষয়সৃষ্টি করতে পারে।”
আরও পড়ুন:
বলে রাখা ভাল, পুরো চিন জুড়ে এআই-নির্মিত বিভিন্ন চরিত্র, নেটপ্রভাবী এবং ড্রামা সিরিজ়গুলি রমরমিয়ে চলছে সমাজমাধ্যমে। লক্ষ লক্ষ অনুসারীও রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি এই ধরনের ব্যক্তিত্ব এবং বিষয়ের। এই ‘ভার্চুয়াল ব্যক্তিত্ব’রা অনুসারীদের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি নামী ব্র্যান্ডের সঙ্গে বিভিন্ন লাভজনক চুক্তিও করছেন, এমনকি বাস্তব জগতের মতো নানা বিতর্কেও জড়িয়ে পড়ছেন। অনেকের মতে, সেই একই সময়ে ডিজিটাল যুগে মানুষ কিন্তু এআই-সৃষ্ট কাল্পনিক সত্তা আর বাস্তবতার মধ্যে পার্থক্য করতে হিমশিম খাচ্ছেন।