সাপ দেখে ভয় পান না এমন মানুষ বিরল। আর তা যদি শঙ্খচূড়ের মতো বিষধর সাপ হয়, তবে তো কথাই নেই। যদি চোখে পড়ে যায়, তবে প্রাণ হাতে করে দৌড় দেন অনেকেই। তবে, অনেক সময় বিপদে পড়ে প্রাণঘাতী এই প্রাণীটিও। আঘাতও পায়। সম্প্রতি তেমনই একটি ঘটনা ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। আর সেটির শ্রশ্রূষা করছেন একদল নারী।
আরও পড়ুন:
ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বিশালাকার শঙ্খচূড়কে ধরে রেখেছেন এক তরুণ। কৌটোয় করে হলুদগুঁড়ো নিয়ে এসেছেন এক নারী। শঙ্খচূড়টির শরীরের একটি স্থানে হলুদ ঢেলে সেটি সযত্নে মাখিয়ে দেওয়া হচ্ছে। ছটফট করছে আহত ভুজঙ্গ।
আরও পড়ুন:
এর পর একটি বড় বস্তায় ঢোকানোর চেষ্টা করা হয় সাপটিকে। তখনও সাপটি খুব নড়াচড়া করতে থাকায় অপর এক নারী এগিয়ে এসে সেই কাজেও হাত লাগান।
আরও পড়ুন:
ঘটনাটি কোথাকার তা জানা যায়নি ভিডিয়ো থেকে। সাপটি কী ভাবে আহত হয়েছে, সে সম্পর্কেও কোনও খোঁজ পাওয়া যায়নি। ভিডিয়োয় যে তরুণকে দেখা গিয়েছে, তিনি সম্ভবত সাপ উদ্ধারের কাজ করে থাকেন। ‘চিকিৎসার’ পর সাপটিকে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে।
‘দ্যভারতপোস্ট_’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ঘটনাটির ভিডিয়ো পোস্ট করা হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। অজস্র বার দেখা হয়েছে সেটি। প্রায় হাজারের কাছাকাছি ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন বহু নেটাগরিক। বহু মন্তব্যও জমা পড়েছে। ওই নারীদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সকলে। এক জন লিখেছেন, “মাতৃস্নেহ থেকে কেউই বঞ্চিত হয় না।”