টিউশন পড়াতে যাওয়ার পথে গৃহশিক্ষিকার পথ আটকে তাঁর শ্লীলতাহানির অভিযোগ উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে। দুই যুবকের দিকে আঙুল গৃহশিক্ষিকার। শনিবার তা নিয়ে শোরগোল ব্যারাকপুর থানার মণিরামপুর ব্যায়াম সমিতি এলাকায়। ইতিমধ্যে দুই অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ।
‘নির্যাতিতা’ গৃহশিক্ষিকার অভিযোগ, অন্যান্য দিনের মতো টিউশন পড়াতে যাচ্ছিলেন তিনি। একটি গলি দিয়ে হেঁটে যাওয়ার সময় উল্টোদিক থেকে এসে এক যুবক তাঁর পথ আটকান। প্রথমে কথা বলার অছিলায় তাঁকে দাঁড় করানো হয়। তার পর হাত ধরে টানাটানি করেন। যুবতীর দাবি, তাঁর ইনস্টাগ্রাম আইডি চান ওই যুবক। বলেন, মেসেজ করলে জবাব দিতে হবে। ‘ব্লক’ করলে পরিণতি ভাল হবে না বলে হুমকি দেওয়া হয়। তিনি সেখান থেকে চলে আসতে চাইলে তাঁর সঙ্গে অশালীন ব্যবহার করেন ওই যুবক। তখনই সেখানে উপস্থিত হন দ্বিতীয় অভিযুক্ত। তিনিও একই ভাবে হেনস্থা করেন বলে অভিযোগ যুবতীর।
আরও পড়ুন:
‘নির্যাতিতা’ পুলিশকে জানিয়েছেন, ওই ঘটনায় তিনি আতঙ্কিত। নিরাপত্তাহীনতায় ভুগছেন। যে যুবক তাঁর ইনস্টাগ্রাম আইডি চেয়ে খারাপ ব্যবহার করেছেন, আগেও তিনি নানা ভাবে উত্ত্যক্ত করেছেন। এলাকার অনেক মহিলার আঙুল ওই যুবকের দিকে। গৃহশিক্ষিকা বলেন, প্রথমে তিনি ভয়ে কাউকে কিছু বলতে পারেননি। তবে পরিবারের পরামর্শে স্থানীয় কয়েক জনকে জানান। তার পর অভিযুক্তকে মারধর করা হয়েছে। পরে সেখানে ব্যারাকপুর থানার পুলিশ যায়। অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। নামপ্রকাশে অনিচ্ছুক এক পুলিশ আধিকারিক বলেন, ‘‘অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। দু’জন অভিযুক্তকেই গ্রেফতার করা হয়েছে।’’