মদ, গাঁজার আসর নিয়ে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন গ্রামবাসীরা। অভিযোগ, বার বার প্রতিবাদ করেও কোনও সুরাহা মেলেনি। তবে শনিবার রাতে ওই মদ, গাঁজার আসর তোলার প্রতিবাদকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। অভিযোগ, বিজেপি কর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনায় আহত পাঁচ জন।
বারুইপুর থানার অন্তর্গত হাড়দহ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কুড়ালি এলাকায় মদ, গাঁজার আসর বসানোকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। গ্রামবাসীদের একাংশের দাবি, ওই আসর ভেঙে দেওয়ার কথা উঠেছিল। প্রতিবাদ করা হয়। আর সেই কারণেই বাইরে থেকে লোক এনে গ্রামে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে বিজয় নস্কর এবং মনোজিৎ নস্করের বিরুদ্ধে। দু’জনই ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে বিজয়, মনোজিৎ লোকজন নিয়ে এসে বেছে বেছে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা চালান। বাড়ির মহিলাদের মারধর করার অভিযোগও উঠেছে। হামলাকারীদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলে দাবি। হামলাকারীরা নিজেদের হিন্দুত্ববাদী সংগঠনের সদস্য বলে পরিচয় দিয়েছিলেন বলেও দাবি স্থানীয়দের। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এই হামলার ঘটনার সঙ্গে তাঁদের কোনও যোগ নেই। বিজেপি কর্মীদের বাড়িই ভাঙচুর হয়েছে। ঘটনায় আহত পাঁচ জনকে ঘুটিয়ারি শরিফ হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন:
বারুইপুর পূর্ব-৫ নম্বর মণ্ডলের আইটি সেলের ইনচার্জ সুব্রত নস্করের অভিযোগ, বিজয় ও মনোজিৎ বিজেপিকে বদনাম করার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছেন। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি তুলেছেন তিনি। আক্রান্তদের তরফে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। ঘটনার পর এলাকায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েত করা হয়েছে। তবে এই ঘটনা প্রসঙ্গে এখনও পর্যন্ত তৃণমূল নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া মেলেনি।