Advertisement
E-Paper

বারুইপুরে গণপিটুনি ও পুলিশের উপর হামলার ঘটনায় আরও পাঁচ জন গ্রেফতার! ধৃত বেড়ে ৩৫, বাকিদের সন্ধানেও তল্লাশি

পুকুর থেকে ১২ বছরের কন্যার দেহ উদ্ধারের পর বারুইপুরে এক যুবককে সন্দেহের বশে পিটিয়ে খুন করে উত্তেজিত জনতা। মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে গিয়ে জানিয়েছিলেন, গণপিটুনিতে নিহত নির্দোষ ছিলেন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুলাই ২০২৬ ০৯:০৩
বারুইপুরে রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত।

বারুইপুরে রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত। —ফাইল চিত্র।

বারুইপুরের সূর্যপুরে গণপিটুনি এবং পুলিশের উপর হামলার ঘটনায় আরও পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে মোট ৩৫ জনকে গ্রেফতার করা হল। ধৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বাকি অভিযুক্তদের সন্ধানে পুলিশ তল্লাশি চালাচ্ছে।

পুকুর থেকে ১২ বছরের কন্যার দেহ উদ্ধারের পর বারুইপুরে এক যুবককে সন্দেহের বশে পিটিয়ে খুন করে উত্তেজিত জনতা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘটনাস্থলে গিয়ে জানিয়েছিলেন, গণপিটুনিতে যাঁর মৃত্যু হয়েছে, তিনি নির্দোষ ছিলেন। দোষীদের কঠোর শাস্তির আশ্বাসও দিয়েছিলেন শুভেন্দু। নাবালিকার দেহ উদ্ধার ঘিরে সূর্যপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছিল। দেহ ঘিরে রাস্তা আটকে বিক্ষোভ দেখানো হচ্ছিল। অভিযোগ, পুলিশ পরিস্থিতি সামাল দিতে গেলে তাদের উপরেও হামলা হয়। গণপিটুনি এবং পুলিশকে মারধরের ঘটনায় দু’টি পৃথক মামলা রুজু করা হয়েছিল।

এই দুই মামলায় প্রথমেই গ্রেফতার করা হয়েছিল ১৮ জনকে। পরে আরও ১২ জন ধরা পড়েন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত গ্রেফতারির সংখ্যা ছিল ৩০। রাতে আরও পাঁচ জনকে ধরা হয়েছে। ফলে এখনও পর্যন্ত মোট গ্রেফতার হয়েছেন ৩৫ জন। পুলিশি হেফাজতে সে দিনের ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁদের। গণপিটুনিতে নিহতের পরিবারের দাবি, তিনি বাড়িতে ঘুমোচ্ছিলেন। ঘুমন্ত যুবককে মারতে মারতে তুলে নিয়ে যাওয়া হয় ঘর থেকে। দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে পরিবার।

বারুইপুরের নাবালিকা গত শনিবার থেকে নিখোঁজ ছিল। রবিবার সকালে পুকুর থেকে তার দেহ উদ্ধার করা হয়। অভিযোগ, গণধর্ষণের পর তাকে খুন করা হয়েছে। এই ঘটনার পৃথক মামলায় এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত-সহ চার জনকে। তাঁদের মধ্যে এক অভিযুক্ত পুলিশের এনকাউন্টারে নিহত বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার রাতের অন্ধকারে ঘটনার পুনর্নির্মাণের জন্য অভিযুক্ত প্রভাস মণ্ডলকে সূর্যপুরে নিয়ে যাওয়া হয়েছিল। অভিযোগ, পুলিশের অস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করেন তিনি। গুলিও চালান। তখনই পুলিশের পাল্টা গুলিতে প্রভাসের মৃত্যু হয় বলে পুলিশের দাবি। এনকাউন্টারের এই ঘটনা নিয়ে বিচারবিভাগীয় তদন্ত হবে।

সংক্ষেপে
  • প্রাথমিক ভাবে এই ঘটনায় তিনটি মামলা রুজু করেছিল পুলিশ। খুনের পাশাপাশি গণপিটুনিতে সন্দেহভাজনের মৃত্যু এবং পুলিশকে মারধরের পৃথক মামলা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার জানিয়েছেন, মামলার সংখ্যা আরও বেড়েছে। রেললাইন অবরোধের ঘটনাতেও পৃথক মামলা করে তদন্ত শুরু করেছে পুলিশ।
  • গত শনিবার, ৪ জুলাই থেকে নিখোঁজ ছিল বারুইপুরের ১২ বছরের কিশোরী। রবিবার পুকুর থেকে তার দেহ উদ্ধার করা হয়। অভিযোগ, তাকে খুন করা হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। এক সন্দেহভাজনকে গণধোলাই দেয় উত্তেজিত জনতা। তাঁর মৃত্যু হয়েছে।
  • এর পরও নাবালিকার দেহ ঘিরে রাস্তা আটকে দিনভর বিক্ষোভ চলেছে। ট্রেন পরিষেবাও থমকে গিয়েছিল তার জেরে। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সর্বশেষ
Baruipur Lynching South 24 Paraganas West Bengal Police

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy