অবৈধ ভাবে ভারতে প্রবেশের অভিযোগে ৪৭ জন বাংলাদেশি নাগরিককে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হল। পেট্রাপোল-বেনাপোল সীমান্তের জ়িরো লাইনে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর নিরাপত্তায় তাঁদের বাংলাদেশি কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।
সূত্রের খবর, ওই ৪৭ জন বাংলাদেশি নাগরিক বিভিন্ন সীমান্তপথ দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করেছিলেন। এর পর তাঁরা দেশের বিভিন্ন রাজ্যে গিয়ে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। শেষপর্যন্ত এ দেশের পুলিশের হাতে তাঁরা ধরা পড়েন। তাঁদের পরিচয় ও নথিপত্র যাচাইয়ের পর শুরু হয় বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া।
আরও পড়ুন:
বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাঁদের ফেরত পাঠানো হয়। নির্ধারিত প্রক্রিয়া মেনে পেট্রাপোল-বেনাপোল জ়িরো লাইনে তাঁদের বাংলাদেশি কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।
সীমান্তে অনুপ্রবেশকারীদের এই প্রত্যাবর্তন ঘিরে নিরাপত্তাব্যবস্থাও ছিল কড়া। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতিতে সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানোর পর সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে সূত্রের খবর।