বাড়িতে অপেক্ষা করছিল তিন বছরের খুদে। পুজোর কেনাকাটা শেষ হলে ফিরবে মা। একসঙ্গে ঠাকুর দেখতে বেরোনোর কথা। অপেক্ষাই রয়ে গেল। পঞ্চমীর দিন পুজোর কেনাকাটা করতে বেরিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল ২১ বছরের প্রিয়াঙ্কা রায়ের। উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার নেতাজি মার্কেট সংলগ্ন যশোর রোডের ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেবগড়ের বাসিন্দা প্রিয়াঙ্কা নিজের সাইকেলে চেপে পুজোর কেনাকাটা করতে বেরিয়েছিলেন। সেই সময় পেট্রাপোলের দিক থেকে আসা একটি ট্রাকের সামনে সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি রাস্তায় পড়ে যান। ট্রাকের চাকা তাঁকে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই গুরুতর জখম হন তিনি। দুর্ঘটনার পরে পথচারীরা তড়িঘড়ি প্রিয়াঙ্কাকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
-
‘রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হন’! বিরোধী দলগুলিকে তেরঙা ওড়ানোর ডাক দিলেন সিজেপির দিপকে
-
বনগাঁয় সিপিএমের বইয়ের স্টলে সায় হাই কোর্টের! পুলিশকে অনুমতি দিতে নির্দেশ, ডিভিশন বেঞ্চে যাচ্ছে রাজ্য
-
‘পুজোর আনন্দ মাটি করার চক্রান্ত হতে পারে’! মুর্শিদাবাদে তিন মণ্ডপের উদ্বোধনে গিয়ে সতর্ক করলেন শুভেন্দু
খবর পেয়ে হাসপাতালে পৌঁছোন পরিবারের সদস্যেরা। তাঁদের কথায়, প্রিয়াঙ্কা তাঁর ছোট্ট ছেলেকে নিয়ে বাপের বাড়িতে এসেছিলেন। পুজোর কিছু কেনাকাটা বাকি থাকায় বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। কেনাকাটা সেরে বাড়ি ফেরার পর ছেলেকে নিয়ে ঠাকুর দেখার পরিকল্পনাও ছিল। কিন্তু তার আগেই ঘটে গেল দুর্ঘটনা। যে উৎসবের দিনগুলিতে নতুন জামাকাপড়, আনন্দ আর ঠাকুর দেখার প্রস্তুতিতে মেতে ওঠার কথা ছিল, সেই পুজোর মুখেই প্রিয়াঙ্কার মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার। মায়ের ফেরার অপেক্ষায় ছোট্ট শিশুটি।