Advertisement
E-Paper

দত্তপুকুরে গেঞ্জি কারখানায় বয়লার বিস্ফোরণ, মৃত্যু শ্রমিকের! গাফিলতির অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কারখানাটির বয়লারের কোনও রক্ষণাবেক্ষণ করা হত না। তাঁদের দাবি, ওই এলাকায় এমন অনেক কারখানা রয়েছে, যেখানে দু’-তিন বছর অন্তর এ ধরনের দুর্ঘটনা ঘটে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৬ ১৮:৩৩
Worker died in a boiler explosion at a vest factory in Duttapukur

দত্তপুকুরের কারখানায় বয়লার বিস্ফোরণ। —নিজস্ব চিত্র।

গেঞ্জি কারখানায় বয়লার বিস্ফোরণ! সেই সময় ওই বয়লারের কাছে কাজ করছিলেন দুই শ্রমিক। বিস্ফোরণের কারণে ঘটনাস্থলেই এক জন শ্রমিকের মৃত্যু হয়। অন্য জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে।

পুলিশ সূত্রে খবর, ওই গেঞ্জি কারখানাটি দত্তপুকুরের তালধারিয়া ঘোষপাড়া এলাকায়। প্রাথমিক অনুমান, গেঞ্জির থান কাপড়ে রং করার কাজে বয়লারে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। আর সেই থেকেই বিস্ফোরণ হয়ে থাকতে পারে। তবে কী কারণে ওই বয়লারে অতিরিক্ত চাপ সৃষ্টি হল, তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কারখানাটির বয়লারের কোনও রক্ষণাবেক্ষণ করা হত না। তাঁদের দাবি, ওই এলাকায় এমন অনেক কারখানা রয়েছে, যেখানে দু’-তিন বছর অন্তর এ ধরনের দুর্ঘটনা ঘটে। তবে তার পরেও প্রশাসনের কোনও হেলদোল নেই। পুলিশ সূত্রে খবর, মৃত শ্রমিকের নাম সঞ্জয় সামন্ত (৫৫)। আহত শ্রমিককে বারাসত মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

এই বিস্ফোরণের ঘটনার তদন্তে ফরেনসিক বিশেষজ্ঞদের ডাকা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ, নিরাপত্তা বিধি মানা হয়েছিল কিনা এবং কারও গাফিলতি ছিল কি না— এই সব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদের জন্য ওই কারখানার ম্যানেজারকে আটক করেছে দত্তপুকুর থানার পুলিশ। নিরাপত্তার স্বার্থে প্রশাসনের তরফে কারখানাটি আপাতত সিল করে দেওয়া হয়েছে।

Explosion Duttapukur Duttapukur Blast

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy