সকাল থেকে বাড়ির বাইরে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। শিল্পপতির বাড়িতে ইডি-র হানা পশ্চিম বর্ধমানের আসানসোলে।
এর আগে এনআইএ এবং ইডি হানা দিয়েছে জয়শ্রী গ্রুপের মালিক সোনু অগ্রবালের বাড়িতে। এ বার তাঁর ভাই অনিল অগ্রবালের বাড়িতে গেল ইডি। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার পাঁচটি গাড়ি করে কেন্দ্রীয় তদন্তকারীদের একটি দল শুক্রবার ভোরে আসানসোলের বরাকরের হনুমান চড়াই এলাকায় শিল্পপতির বাড়িতে পৌঁছোয়। সকাল ৬টা থেকে চলে তল্লাশি অভিযান। ইডি-র একটি সূত্রে খবর, রাজ্যের কয়েক জন প্রাক্তন মন্ত্রীর টাকা ওই শিল্পপতির কারবারে লাগানোর অভিযোগ পাওয়া গিয়েছে।
আরও পড়ুন:
এর আগে অবৈধ কয়লা কারবার মামলায় সোনু-সহ বেশ কয়েক জন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, পাঁচটি গাড়ি করে আধিকারিকদের দল শিল্পপতির বাড়িতে পৌঁছোলেও ঘণ্টাখানেক পর দুটো গাড়ি বেরিয়ে যায়। বাকি তিনটি গাড়ি ওই বাড়ির সামনে বেলা পর্যন্ত ছিল। তবে ঠিক কোন নির্দিষ্ট মামলার সূত্রে এই তল্লাশি অভিযান চালানো হয়েছে এবং অভিযানে কী কী নথি বা সামগ্রী উদ্ধার হয়েছে, সে বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। ইডি-র তরফেও আনুষ্ঠানিক ভাবে বিবৃতি মেলেনি।