আনন্দের মাঝেই বিষাদের সুর পূর্ব বর্ধমানে। মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার সকাল পর্যন্ত কয়েক ঘণ্টার মধ্যেই জেলায় দুই পৃথক পথদুর্ঘটনায় মোট পাঁচ জনের মৃত্যু হল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে প্রতিমা দর্শন সেরে বাড়ি ফেরার পথে রাতে ভাতারের পটনা গ্রামে একটি গাড়ির ধাক্কায় দু’জনের মৃত্যু হয়। মৃতেরা হলেন জিৎ মাঝি (১৯) এবং মনোজ পাল (৩০)। দু’জনেরই বাড়ি ভাতারের মাহাচান্দা এলাকায়। তাঁরা বর্ধমানে ঠাকুর দেখতে গিয়েছিলেন। গভীর রাতে বাইকে করে বাড়ি ফেরার পথে পটনা গ্রামের শ্মশান সংলগ্ন এলাকায় কোনও একটি গাড়ি তাঁদের ধাক্কা মেরে পালিয়ে যায় বলে অভিযোগ। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজে পাঠায়। ঘটনার তদন্ত চলছে।
কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই পথদুর্ঘটনায় প্রাণ হারান রায়নার সেহারা গ্রাম পঞ্চায়েতের বাজিতপুর গ্রামের তিন বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, বুধবার সকাল ১০টা নাগাদ বাইকে পেট্রল ভরতে গিয়েছিলেন তাঁরা। মিরেপোতা জহুরী পুকুর এলাকার একটি পেট্রোল পাম্পে তেল ভরার জন্য তাঁরা বাইক ঘোরান। সেই সময় বর্ধমানগামী একটি লরি ধাক্কা মারে তাঁদের বাইকে। তিন জনই ছিটকে পড়েন রাস্তায়।
আরও পড়ুন:
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রায়না থানার সেহারাবাজার ফাঁড়ির পুলিশ। আহত তিন জনকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। মৃতেরা কামাখ্যা রায় (৬১), নাড়ুগোপাল রায় (৪৫) এবং শ্রীকান্ত রায় (৪১)। তিন জনই একই পরিবারের সদস্য। দুর্ঘটনার খবরে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।