Advertisement
E-Paper

টুলু মণ্ডলের পাঁচটি মামলা ছেড়ে দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য, পাঠালেন হাই কোর্টের প্রধান বিচারপতির কাছে

এর আগে তাঁর বিরুদ্ধে হওয়া এফআইআরকে চ্যালেঞ্জ করে টুলু যে মামলাটি করেছিলেন, সেখান থেকে সরে দাঁড়িয়েছিলেন বিচারপতি ভট্টাচার্য। ওই মামলাটিও প্রধান বিচারপতির কাছে ফেরত যায়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৪৭
টুলু মণ্ডল।

টুলু মণ্ডল। —ফাইল চিত্র

বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মন্ডলের পাঁচটি মামলা ছেড়ে দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। মামলাগুলি প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের কাছে পাঠিয়েছেন তিনি। এর আগে তাঁর বিরুদ্ধে হওয়া এফআইআরকে চ্যালেঞ্জ করে টুলু যে মামলাটি করেছিলেন, সেখান থেকে সরে দাঁড়িয়েছিলেন বিচারপতি ভট্টাচার্য। ওই মামলাটিও প্রধান বিচারপতির কাছে ফেরত যায়। এই মামলাগুলি কোন বেঞ্চ শুনবে, সেই বিষয়ে প্রধান বিচারপতিই সিদ্ধান্ত নেবেন।

দু’দিন আগেই গ্রেফতারি পরোয়ানাকে চ্যালেঞ্জ করে এবং রক্ষাকবচ চেয়ে তাঁর বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন টুলু। তাঁর আবেদন খারিজ করে দেন বিচারপতি। বলা হয়, নিম্ন আদালতের নির্দেশমতোই টুলুকে হাজিরা দিতে হবে। এর পর নিজের বিরুদ্ধে হওয়া এফআইআরকে চ্যালেঞ্জ করে ফের আদালতে যান টুলু।

টুলুর রক্ষাকবচের আবেদন খারিজ করে দিয়ে বিচারপতি ভট্টাচার্য মামলার নিষ্পত্তি করে দিয়েছিলেন। কিন্তু বীরভূমের পাথর ব্যবসায়ী এর পর নিজের বিরুদ্ধে হওয়া এফআইআরটি চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হন। সেই মামলা গিয়েছিল বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে। কিন্তু বিচারপতি চন্দ মামলাটি শুনতে চাননি। তাঁর যুক্তি, একই মামলার শুনানি বিচারপতি ভট্টাচার্যের বেঞ্চে চলছে, তাই ওই মামলা তিনি শুনতে চান না। টুলুর মামলা ফের যায় পুরনো বেঞ্চে। তার পরেই এই মামলা ছেড়ে দেন বিচারপতি ভট্টাচার্য। তিনি জানান, যে মামলার নিষ্পত্তি তিনি করে দিয়েছেন, তা আর শুনবেন না। এ বার টুলুর আরও পাঁচ মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি ভট্টাচার্য।

বিচারপতি সরে যাওয়ায় টুলু কিছুটা বিপাকে পড়লেন। গত ২৯ এবং ৩০ জুলাই বীরভূমের মহম্মদবাজার থানার ডেউচা গ্রামে তাঁর আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে নগদ সাড়ে ২৮ কোটি টাকা উদ্ধার করেছিল পুলিশ। মিলেছিল ১৫ কেজি সোনাও। সেই থেকে টুলুর খোঁজে তল্লাশি চলছে। আদালতের দ্বারস্থ হলেও টুলু এখনও বেপাত্তা। পুলিশ তাঁকে ধরতে পারেনি। তদন্তকারীদের দাবি, তিনি বিদেশে পালিয়েছেন। এর মধ্যেই টুলুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সিউড়ির অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় আদালত (এসিজেএম কোর্ট) তাঁকে হাজিরার নির্দেশ দেয়। হাই কোর্টের নির্দেশ, টুলুকে নিম্ন আদালতের নির্দেশ অনুযায়ী হাজিরা দিতে হবে।

Tulu Mondal Birbhum Calcutta High Court

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy