রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর জামিনের আবেদনের শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। সুজিতের আবেদনের ভিত্তিতে মঙ্গলবার শীর্ষ আদালতে শুনানি ছিল। তবে আদালত জানায়, এই মামলার শুনানি ১৫ দিন পরে হবে। অর্থাৎ, এখনও জেলবন্দিই থাকতে হবে রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে।
পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় সুজিতকে গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে জামিন চেয়ে তিনি কলকাতা হাই কোর্টে মামলা করেন। গত ১৩ অক্টোবর তাঁর আবেদন খারিজ করে দেয় হাই কোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ রায় ঘোষণা করে জানান, তদন্তের বর্তমান অবস্থায় জামিন দেওয়া যাবে না প্রাক্তন মন্ত্রীকে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সুজিত। শীর্ষ আদালতে জামিনের আবেদন করেছিলেন তিনি। মঙ্গলবার বিচারপতি এমএম সুন্দ্রেশ এবং বিচারপতি প্রসন্ন বি বরলের বেঞ্চ জানায়, আগামী ১৬ নভেম্বর রাজ্যের প্রাক্তন মন্ত্রীর জামিনের মামলা শুনবে আদালত। একই সঙ্গে এই মামলায় ইডি-কে নোটিস দিতেও বলেছে সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন:
গত ১১ মে সুজিতকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় সংস্থা। পুরনিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে দক্ষিণ দমদম পুরসভায় বেআইনি ভাবে চাকরিপ্রাপকদের নাম সুপারিশ করার অভিযোগ রয়েছে সুজিতের বিরুদ্ধে। প্রাক্তন মন্ত্রীর জামিনের আর্জিটি প্রথমে বিচারাধীন ছিল বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে। গত ১৭ অগস্ট সুজিতের আবেদনের শুনানি শেষে রায়দান স্থগিত রাখেন তিনি। বিচারপতি শুভ্রা ঘোষ মামলা থেকে অব্যাহতি নিলে সুজিতের জামিন মামলাটি যায় বিচারপতি ঘোষের কাছে। তিনি জামিনের আর্জি খারিজ করে দেন। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে গত ১৫ অক্টোবর সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেন সুজিত। মঙ্গলবার ওই মামলাটি শুনানির জন্য উঠলে সুপ্রিম কোর্ট জানায়, আপাতত এই মামলার শুনানি হচ্ছে না। ১৫ দিন পরে হবে শুনানি।