হাওড়ার বালিতে সিপিএমের একাধিক দলীয় কার্যালয়ে ভাঙচুর চালাল দুষ্কৃতী বাহিনী। মঙ্গলবার রাতের ঘটনা। বামেদের অভিযোগ বিজেপির দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
পঞ্চাননতলা রোডে অবস্থিত দেওয়ানগাজী জ়োনাল পার্টি অফিস ও বেলুড় স্টেশন রোডের দলীয় কার্যালয়ে ভাঙচুর করা হয়। এ ছাড়াও তাণ্ডব চালানো হয় একাধিক কার্যালয়ে। স্থানীয় সূত্রে খবর, রাত ১১ নাগাদ বাইকে করে দুষ্কৃতীরা এসে প্রায় ৪৫ মিনিট ধরে ভাঙচুর চালায়। বামেদের তরফে বিজেপির দিকে আঙুল তোলা হলেও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।
প্রসঙ্গত, মঙ্গলবার বালি খাল সংলগ্ন পঞ্চাননতলায় সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর একটি দলীয় অনুষ্ঠান ছিল। উপস্থিত ছিলেন দীপ্সিতা ধর প্রমুখ। সেখান থেকেই ছড়ায় উত্তেজনা। তার পর রাতে আক্রমণ।
আরও পড়ুন:
বিজেপির তরফে রাজা গোস্বামী বলেন, ‘‘গণেশপুজো ও খিচুড়ি বিতরণ নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। মাঝে গিয়েছিলাম হাওড়া স্টেশনে আয়োজিত যুব মোর্চার একটি অনুষ্ঠানে। বামেদের কার্যালয়ে আক্রমণের ঘটনা সংবাদমাধ্যম থেকেই জানতে পেরেছি। এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই।’’
সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য শঙ্কর মৈত্র বলেন, ‘‘রাতে ২০-২২টা বাইকে স্থানীয় বিজেপি নেতৃত্ব এসে বামেদের চারটি কার্যালয়ে ভাঙচুর চালায়। একটি কার্যালয়ে তালা লাগিয়ে দেয়।’’ তাঁর আরও দাবি, অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি।